ককটেল ইস্যুতে পাটওয়ারীকে ‘জিজ্ঞাসাবাদ করা উচিত’ মন্তব্য ডিএমপির

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এমন মন্তব্য করেছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না- এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। এ সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল ফুটবে না।

তার ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা প্রশ্ন করলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘আমি এখন পর্যন্ত বলতে পারব না যে, সে এই বক্তব্য কেন দিয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে কেন এই বক্তব্য দিল। অবশ্যই আমার মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকা থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে জাহিদ হাসানের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তোফায়েল আহমেদের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে জাহিদ হাসান ইমন জানিয়েছেন- নিষিদ্ধ সংগঠনের এক নেতার মাধ্যমে এসব মুখোশ ও বিস্ফোরক তৈরির উপকরণ তার কাছে আসে। পুলিশের দাবি, ইমন নিজেও লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং তার বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *