সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্বামীকে আটকে রেখে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ আসামির মধ্যে ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাকি চারজন বেকসুর খালাস পেয়েছেন।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/4378814162433894
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য চার আসামি আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল ও মাহফুজুর রহমান বেকসুর খালাস পেয়েছেন।
প্রধান আসামি সাইফুরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, রনি, তারেক ও অর্জুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।
জানা যায়, ঘটনার বিষয়ে মামলার পর পুলিশ ছাত্রাবাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ছয় আসামি ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

