উত্থানের পথে বাংলাদেশ, মূল্যবোধ ফেরানো ও জাতি গড়ার স্বপ্ন || ড. মুহাম্মাদ আবদুল বারী

প্রবন্ধ-কলাম শিল্প-সংস্কৃতি সাম্প্রতিক
শেয়ার করুন

নয়.

আমার এই বইটি ছোটো ছোটো চ্যাপ্টারে বিভক্ত। এগুলো মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত আমার রচনা ও প্রবন্ধ। আপনি বলতে পারেন, এই বই সেগুলোরই একটি সমগ্র। এসব প্রবন্ধ রচনা আমি ২০২৪-এর জুলাইয়ে ছাত্র আন্দোলনের এক অপূর্ব উত্থান প্রসঙ্গে লিখেছি। এই আন্দোলনের প্রতি আমার দৃঢ় প্রত্যয় ও কর্মতৎপরতার আশাবাদ ব্যক্ত হয়েছে এসব লেখায়।

২৪-এর জুলাইয়ে যে ছাত্র আন্দোলন এ দেশের মানুষ দেখেছে, তা মূলত একটি শক্তিশালী ও তৃণমূল পর্যায়ের আন্দোলন, যা বাংলাদেশ ভার্সন টু (দ্বিতীয় বাংলাদেশ)-কে জন্ম দিয়েছে। এই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল এ দেশের যুবশক্তি এবং তাদের অদম্য সাহসিকতা। এই ঐতিহাসিক আন্দোলন এ দেশ থেকে সমস্ত অপশক্তি, অন্যায়, জুলুম ও কুসংস্কারকে ভেঙেচুরে খানখান করে দিয়েছে। একই সাথে আমাদের দেশের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটে এক নতুন ও সাহসী সূচনার জন্ম দিয়েছে।

আমার এসব প্রবন্ধের অধিকাংশই প্রকাশিত হয়েছে ঢাকাভিত্তিক শীর্ষস্থানীয় ইংরেজি ভাষার দৈনিকসমূহে। তারা আমার এসব লেখার মধ্য দিয়ে আমার বুদ্ধিবৃত্তিক আহ্বানগুলোকে এক বিশাল জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিয়েছে।

বিশেষত জাতীয় আত্মসমালোচনা ও পুনর্জাগরণের এক সংকটময় মুহূর্তে এ দেশের জনগণের এসব লেখার খুব প্রয়োজন ছিল। ফলে আমার এই বইয়ের পাঠকেরা বিভিন্ন সময় কিছু কিছু জিনিস বারবার আলোচনা হতে দেখবেন।

কারণ, আগেই বলা হয়েছে, এগুলো ধারাবাহিকভাবে লিখে যাওয়া কোনো বইয়ের লেখা নয়; বরং বিচ্ছিন্নভাবে প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ ও রচনার সমগ্র। তাই আমি পাঠকদের বলব, এসব পুনরাবৃত্তিকে আপনারা পজিটিভলি নেবেন। এতে করে আমি যা বোঝাতে চেয়েছি, তা আপনাদের আরও ভালো করে উপলব্ধ হবে। সামসময়িক বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটে যাচ্ছে, সেগুলোর তাৎপর্য ও গভীরতা সম্পর্কে একটি শক্তপোক্ত ধারণা তৈরি হবে আপনাদের মধ্যে।

আমার এই রচনাসমগ্র মূলত ব্যক্তিগত চিন্তার প্রতিফলন এবং একটি সূক্ষ্ম বিশ্লেষণের আত্মপ্রকাশ। এই বইয়ে আমি যা লিখেছি এবং যে আহ্বান জাতির সামনে রেখেছি, তাতেই যে পাঠকদের ফুলস্টপ দিতে হবে, ব্যাপারটি মোটেও এমন নয়; বরং আমি আশা করব, এই বই পাঠ করার মধ্য দিয়ে পাঠকসমাজ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার আকার, প্রকার ও প্রকৃতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা গ্রহণ করবেন। এই সমস্ত আলাপ-আলোচনা ও সংলাপের প্রধান ও অভিন্ন প্রশ্ন থাকবে- কেমন বাংলাদেশ গড়ে
তোলার জন্য আমরা যুদ্ধ করছি? (ধারাবাহিক চলবে)

* ড. মুহাম্মাদ আবদুল বারী ব্রিটিশ বাংলাদেশি শিক্ষাবিদ, গ্রন্থকার ও প্যারেনটিং কনসালটেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *