১৮ দিনে ৩১৭ কারখানার উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার উৎপাদন ক্ষতি এবং ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২২ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে।

চলমান অস্থিরতায় তৈরি পোশাক খাতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালায় বিজিএমইএ।

১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, প্রাথমিক জরিপে তার চিত্র উঠে এসেছে।

জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা অংশ নিয়েছে, যারা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

এসব কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। জাহাজে পণ্য তোলার আগপর্যায়ের রপ্তানি মূল্য বা এফওবি হিসাবে এ ক্ষতির হিসাব করেছে সংগঠনটি।

সেই সঙ্গে সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে তারা।

বিজিএমইএ বলছে, ক্রয়াদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে কারখানাগুলো।

এছাড়া অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কাও জরিপে উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে এসব পরিসংখ্যানকে প্রকৃত ক্ষতির খণ্ডচিত্র হিসেবে বর্ণনা করেছে বিজিএমইএ। তাদের হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে অংশ নিতে পেরেছে ৩১৭টি কারখানা।

তারা আরও জানিয়েছে, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনও চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে।

বিজিএমইএর মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দেশে ব্যাপকভাবে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনাগুলো এরই প্রতিফলন।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

পাশাপাশি শিল্পের উৎপাদন সচল রাখা এবং এ বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *