স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আওয়মী লীগকে দায়মুক্তি দিচ্ছেন : লন্ডনে নাহিদ ইসলাম

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

||সাঈদ চৌধুরী||

জাতীয় ঐক্য, সংস্কার ও বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1954620785514402

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আওয়মী লীগকে দায়মুক্তি দিচ্ছেন। তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বর্তমান বিএনপি সরকার। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার পেছনে সাধারণ মানুষের নয়, বরং সরকারের দায় রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য এ সংবর্ধনার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা জীবন ও রক্তের বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে দিল্লিতে যেতে বাধ্য করেছে। অথচ গণ-অভ্যুত্থানের পর থেকে এবং নির্বাচনের পরবর্তী সময়েও আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা চেষ্টা চলছে। বিএনপি সরকার পুনর্মিলন ও অন্তর্ভুক্তির নামে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর তৈরির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ও অতীত ইতিহাস বিবেচনায় না নিয়ে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হলে এর পরিণতি সংশ্লিষ্টদেরই ভোগ করতে হবে। এ প্রসঙ্গে জিয়াউর রহমানের আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার পরিণতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও ভিন্নভাবে ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন। অথচ একটি ফ্যাসিবাদী শক্তি ওই ঘটনার দায় স্বীকার করেছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের বাড়িঘরে হামলার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলে একসময় একই পরিস্থিতির মুখোমুখি সরকারপক্ষকেও হতে হতে পারে- এমন সতর্কবার্তা তিনি সংসদে দিয়েছিলেন। পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে তাঁরা সব সময় জাতীয় ঐক্যের পক্ষে ছিলেন। তবে গণভোটের রায় মেনে না নেওয়া এবং সংস্কার ও বিচারপ্রক্রিয়া বাস্তবায়নে অনীহাই জাতীয় ঐক্যকে দুর্বল করেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “আপনি সংস্কার করবেন না, বিচার করবেন না, আপনার সঙ্গে কিসের জাতীয় ঐক্য?” তবে জুলাইয়ের ঐক্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে বলে উল্লেখ করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইনসাফ ও গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

যুক্তরাজ্যে জামায়াত ও খেলাফত মজলিস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের একই মঞ্চে উপস্থিতিকে ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গণ-অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও বিচার প্রতিষ্ঠার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংস্কার বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফ এবং ডায়াস্পোরা বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলিফ খান বক্তব্য দেন।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মাওলানা নাজিম উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. মজিবুল আলম হিমেল, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তসলিমা তাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক এবং নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা আনাস খন্দকার, হাবিব আহমেদ, ব্যারিস্টার সালমা বেগম, হ্যাপি শারমিন, আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, সদস্যসচিব ইঞ্জিনিয়ার মেরাজ আজিজ এবং মুখ্য সংগঠক নাইমুল ইসলামসহ যুক্তরাজ্যপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনায় আবু বকর মোল্লা: ‘৭৫-এর বিপ্লব কেন স্থায়ী হয়নি, সেই ইতিহাস মনে রাখতে হবে’

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বক্তব্যে তিনি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

নাহিদ ইসলাম ও তাঁর সহযোদ্ধাদের উদ্দেশে আবু বকর মোল্লা বলেন, যে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে তাঁরা দেশকে মুক্ত করেছেন, সেই শক্তির হাত থেকে বাংলাদেশ এর আগেও ১৯৭৫ সালে মুক্ত হয়েছিল। তাঁর ভাষায়, ‘জনাব নাহিদ ইসলামরা কিন্তু সেই বিপ্লবী ধারাকেই প্রতিনিধিত্ব করছেন।’

তিনি বলেন, ১৯৭৫ সালের বিপ্লব এবং তাঁদের বিজয় স্থায়ী হয়নি। কেন সেই বিপ্লব স্থায়ী হয়নি, তা নাহিদ ইসলামসহ বর্তমান প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে। ১৯৭৫ সালের বিপ্লবীরা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের স্বপ্নের বাংলাদেশের জন্য ফ্যাসিবাদীদের বিদায় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বাংলার মাটিতে জীবন দিতে হয়েছে এবং তাঁরা দেশে থাকতে পারেননি।

আবু বকর মোল্লা বলেন, ‘আপনারা আমরা বিপ্লব করেছি। আমাদের সামনের পথ কুসুমাস্তীর্ণ নয়, সুখকর নয়। যদি না আমরা সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক ভূমিকাটি পালন করতে পারি।’

১৯৭৫ সালের বিপ্লবের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৫ সালের বিপ্লবীরা জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন বিপ্লবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। কিন্তু জিয়াউর রহমানও অল্প সময়ের ব্যবধানে ক্ষমতা থেকে বিচ্যুত হন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ব্যক্তিদের নিয়ে জিয়াউর রহমান তাঁর মন্ত্রিসভা গঠন করেছিলেন। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেননি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবু বকর মোল্লা বলেন, ‘আরে ভাই, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তো কম্প্রোমাইজড। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তো সিকিউরড না। যে দেশের স্বাধীনতার আকাশে শকুনের ঘোরাঘুরি, উড়াউড়ি, সেই দেশটিকে বীরের মর্যাদা দেওয়া এত সহজ নয়।’

পরবর্তী সময়ে বিদেশি শক্তির প্রভাব এবং তাদের অনুগতদের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন সময়ে ক্ষমতায় বিদেশি শক্তির অনুগতদের টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

আবু বকর মোল্লা বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর আমি এবং আপনারা ইউরোপে সে শক্তির বিরুদ্ধে কঠিন যুদ্ধটি করতে হয়েছে।’

তিনি নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, আগের রাতে তাঁর সঙ্গে কথা হয়েছে এবং তিনি তাঁকে জানিয়েছেন, সামনে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাঁর দাবি, আগামী দিনেও একটি শক্তি বর্তমান বিপ্লবকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলার স্বাধীনতা সিরাজউদ্দৌলা কেন হারিয়েছিলেন, জিয়াউর রহমান কেন ব্যর্থ হয়েছিলেন, শহীদ হয়েছিলেন কেন ৭৫-এর বিপ্লবীরা, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কেন- সেই ইতিহাস আপনাকে-আমাদের মনে রাখতে হবে। না হলে আবার তার পুনরাবৃত্তি হতে পারে। আমরা কি তা চাই?’

তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে নাহিদ ইসলামদের ভিন্নভাবে ভাবতে হবে। শত্রুকে চিনতে হবে, মিত্রকে চিনতে হবে। দেশের ঐক্যকে কোনো দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে।

আবু বকর মোল্লা বলেন, বাংলাদেশের মানুষের বিপ্লব সফল হয়েছিল জাতীয় ঐক্যের কারণে। পার্শ্ববর্তী শক্তির শত ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থান সেই বিজয় সম্ভব করেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও যেন মীরজাফরদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করে ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি প্রয়োগ করা না হয়। দেশে-বিদেশে যেন তাঁদের আন্দোলন ও সংগ্রামের বিরুদ্ধে নেতিবাচক ন্যারেটিভ তৈরি করে দীর্ঘমেয়াদি স্বপ্ন ধুলিস্যাৎ করা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সামনের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে জামায়াতের এই ইউরোপীয় মুখপাত্র বলেন, ‘সামনের পথ কুসুমাস্তীর্ণ নয়। আমাদের হানিমুন পিরিয়ড খুব স্বল্পস্থায়ী হতে পারে, যদি না আমরা সঠিক সিদ্ধান্ত নিতে, রাষ্ট্রনায়কোচিত ও দূরদর্শী, ভিশনারি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।’

তিনি বলেন, একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, সুরক্ষিত এবং মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। একই সঙ্গে শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। বক্তব্যের শেষ পর্যায়ে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় উপস্থিত ব্যক্তিরা গুলামী না আযাদী?’ বলে প্রশ্ন তোলেন। উপস্থিত জনতা ‘আযাদী, আযাদী’ বলে জবাব দেন। এরপর ‘ইনকিলাব ইনকিলাব- জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

সংবর্ধনায় অধ্যাপক আব্দুল কাদির সালেহ: ‘নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নয়, একটি প্রতীক’

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেছেন, নাহিদ ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতীক। তাঁর নামের অর্থ জাগরণ, উত্থান ও দাঁড়িয়ে যাওয়ার প্রতীক।

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1136305199139424

অনুষ্ঠানে নাহিদ ইসলামকে যুক্তরাজ্যে স্বাগত জানিয়ে অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, ‘এই অনুষ্ঠানের বাংলাদেশের গৌরবের নেতা নাহিদ ইসলামকে যুক্তরাজ্যে স্বাগত জানাচ্ছি।’

তিনি বলেন, আজকের এই সংবর্ধনা শুধু একজন ব্যক্তির সংবর্ধনা নয়। এই সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানকে সম্মানিত করার আয়োজন। একই সঙ্গে জুলাইয়ে শহীদ হওয়া ১ হাজার ৪০০ জনের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন।

গত ১৬ বছর ধরে বাংলাদেশে জুলুমের বিরুদ্ধে জীবন বাজি রেখে যারা সংগ্রাম অব্যাহত রেখেছেন, গুম, খুন ও নিখোঁজের শিকার হয়েছেন, সেই অগণিত মানুষের প্রতিও আজকের এই সংবর্ধনা সম্মান ও শ্রদ্ধা জানানোর একটি উপলক্ষ বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের নেতৃত্বের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক আব্দুল কাদির সালেহ বলেন, ‘নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নয়। নাহিদ ইসলাম একটা প্রতীক। যার নামের অর্থ হচ্ছে জাগরণ। নাহিদ মানেই উত্থান। নাহিদ মানে দাঁড়িয়ে যাওয়া। জাগরণের আন্দোলন।’

তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে নাহিদ ইসলামের যে নেতৃত্ব, তা তাঁর অন্তর্নিহিত প্রকৃতিরই অংশ।

নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে তাঁরা বলতে চান, শুধু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের জন্য নেতৃত্ব দেওয়া যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, সে জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই মানেই যুদ্ধ, জুলাই মানে আজাদি, আর জুলাই মানে মুক্তি, জুলাই মানে স্বাধীনতা।’

তিনি আরও বলেন, যত দিন পর্যন্ত সেই স্বাধীনতা, মুক্তি ও আজাদি নিশ্চিত না হবে, তত দিন পর্যন্ত নাহিদ-হাসনাতের আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে অধ্যাপক আব্দুল কাদির সালেহ বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট সামনে রেখে কোনো ধরনের রক্তচক্ষুর সামনে নিজেদের দুর্বলতা প্রদর্শন করা যাবে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলন ও স্বাধীনতার প্রশ্নে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে ভিন্ন হতে পারি। এটা মতাদর্শিক ভিন্নতা নয়। আমাদের মতাদর্শ হচ্ছে মুক্তির আন্দোলন। আমাদের মতাদর্শ হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখে দাঁড়ানো।’

আগামী দিনেও সেই চেতনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

এসসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম এমপির সংবর্ধনায় বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের বক্তব্যের ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1820214705945727

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *