জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার বিচার কারাগারের ভেতরে নয়, ঢাকা স্টেডিয়ামে জনসম্মুখে কার্যকর দেখতে চায় দেশের জনগণ। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে দুলু বলেন, শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী ও আল্লামা সাঈদী-সহ দেশের বহু মানুষকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের বিচার কারাগারের ভেতরে হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিচার ও রায় কার্যকর জনসম্মুখে দেখতে চায় জনগণ।
তিনি আরও বলেন, আজ থেকে ৫০ বছর আগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন। যাদের বিরুদ্ধে অপরাধের সাক্ষী ছিলনা। অথচ দীর্ঘ ৫০ থেকে ৫৫ বছর পর যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক থেকে দেড় বছর আগে যার নির্দেশে ছাত্র-জনতা, শ্রমিক, নারী ও শিশুসহ প্রায় ১ হাজার ৮০০ মানুষ হত্যার শিকার হয়েছেন, তাদের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর হবে না কেন? এমন প্রশ্ন তোলেন জাতীয় সংসদের হুইপ।
দুলু বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর তার বিচারের রায় কার্যকরের দাবিতে জনগণ অপেক্ষা করছে। তিনি বলেন, শেখ হাসিনার বিচার ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে কার্যকর দেখতে চায় মানুষ।

