শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-সহ ৪১ আসামি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘খসড়া তদন্ত প্রতিবেদন’ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা-সহ ৪১ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশপ্রধান, বিজিবিপ্রধান-সহ অনেকের নাম খসড়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া তদন্ত প্রতিবেদন তারা দাখিল করেছে।

পলাতক শেখ হাসিনাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা প্রমুখ।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *