টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের (টিএইচআইএফএফ) বৈঠকে সম্প্রীতি ও অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের (টিএইচআইএফএফ) এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হয়। ‘মিট দ্য ডেপুটি মেয়র’ শীর্ষক এই অধিবেশনে ডেপুটি মেয়র ও ট্যাকলিং ইনইক্যুয়েলিটি এন্ড দ্যা কস্ট-অব লিভিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইউম তালুকদার, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং কাউন্সিলের কেবিনেট সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকটি ছিল আন্তরিক ও গঠনমূলক, যেখানে বারা জুড়ে সম্প্রীতি বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক কাজকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় টিএইচআইএফএফ’র গত এক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও সাফল্য তুলে ধরা হয়। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ধর্মীয় কমিউনিটিগুলোর অবদানের ওপর, বিশেষ করে কমিউনিটি উত্তেজনার সময় বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরা হয়।

ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার তার বক্তব্যে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের শক্তি আমাদের বৈচিত্র্যের মধ্যে নিহিত। আমাদের ধর্মীয় ও বিশ্বাসী কমিউনিটিগুলো শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, বরং সামাজিক সংহতি গড়ে তোলা, সংকটের সময় বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”

তিনি বলেন, “আমরা চাই এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হোক। কাউন্সিল হিসেবে আমরা ধর্মীয় নেতৃবৃন্দ ও সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমরা একসঙ্গে এমন একটি বারা গড়ে তুলতে পারি যেখানে সবাই নিজেকে অন্তর্ভুক্ত ও সম্মানিত মনে করে।”

বৈঠকে উপস্থিত বাসিন্দারা সরাসরি ডেপুটি মেয়রের কাছে তাদের প্রশ্ন উপস্থাপনের সুযোগ পান। একই সঙ্গে স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সেক্টরের অংশীদাররা তাদের চলমান কার্যক্রম সম্পর্কে হালনাগাদ তথ্য প্রদান করেন। আলোচনা শেষে কাউন্সিল ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে একটি শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর নতুন কেবিনেট সদস্যরা কমিউনিটির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে আগ্রহী। সেই ধারাবাহিকতায় এই ফোরাম বৈঠকটি ধর্মীয় নেতাদের মতামত, উদ্বেগ এবং প্রস্তাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

টাওয়ার হ্যামলেটসে ধর্মীয় কমিউনিটিগুলো সামাজিক সংহতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টিএইচআইএফএফ সেই কণ্ঠকে একত্রিত করে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে এবং তাদের ইতিবাচক কাজগুলোকে সামনে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *