পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কয়েকশ আওয়ামী লীগ নেতা-কর্মী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে একই এলাকায় অবস্থান নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বিএনপির সমাবেশস্থলের স্টেজ ও প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ২৫টির বেশি মোটরসাইকেল এবং পদ্মা সেতু সংলগ্ন ফুড ভ্যালী নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুরের পুলিশ সুপার জানান, সড়ক অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। তাঁদের মধ্যে ইব্রাহিম সিপাহী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি উপস্থিত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে পুলিশ সুপার দাবি করেছেন, পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি।

সংঘর্ষের কারণে পদ্মা সেতুতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দূরপাল্লার যানবাহনসহ সামগ্রিক যান চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *