|| সাঈদ চৌধুরী ||
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সাথে আলোচনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি উভয় দেশের সম্পর্ক জোরদারে সংসদীয়, বাণিজ্য এবং শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ঢাকা-পাকিস্তান সম্পর্ককে ভবিষ্যৎমুখী এবং আরও শক্তিশালী করতে সংসদীয় যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
তিনি দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।
পাকিস্তান সম্পর্কে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে স্পিকার সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন স্পিকার, যা দুই দেশের জনগণের সাংস্কৃতিক ঘনিষ্ঠতার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

স্পিকারের সাথে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান, নাসের রহমান, হুমাম কাদের চৌধুরী, জাহরাত আদিব চৌধুরী, নিলুফার চৌধুরী মনি এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার সারদার আয়াজ সাদিক, সিনেটর শেরি রহমান, সংসদ সদস্য নাভিদ কামার, সিনেটর সেলিম মান্দভিওয়ালা এবং জাতীয় সংসদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো।
জারদারি আশা প্রকাশ করেন, বাংলাদেশের স্পিকারের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সফরের পথ সুগম করবে।
তিনি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বন্ধন এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথা উল্লেখ করে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, উচ্চপর্যায়ের সফর, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি তৈরি হয়েছে। কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে পাকিস্তান আশাবাদী। এসব চুক্তি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করবে।
বাংলাদেশের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আদিব চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান জারদারি। আন্তর্জাতিক সংসদীয় ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সংসদীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসে (পিআইপিএস) সুযোগ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। একই সঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ পরিচালনায় পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষা সহযোগিতার বিষয়ে জারদারি বলেন, গত বছর চালু হওয়া পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ৫০০টি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং শিগগিরই আরও ২০ জন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের জন্য নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিবাচক সাড়ার বিষয়টিও স্বাগত জানান তিনি।
গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কূটনৈতিক প্রতিবেদকদের একটি প্রতিনিধিদলের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিয়মিত গণমাধ্যম বিনিময় দুই দেশের জনগণ ও মতামত-নির্ধারকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হবে।
যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে জারদারি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়া ইতিবাচক অগ্রগতি। যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর পাশাপাশি সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্ভাবনার তুলনায় অনেক কম। এ পরিস্থিতি পরিবর্তনে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) এবং বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা চালু এবং গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চিহ্নিত খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পাক প্রেসিডেন্ট।
সরকারি পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশে পাকিস্তানি চাল রপ্তানির বিষয়টি উল্লেখ করে জারদারি বলেন, এটি খাদ্যনিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বৃহত্তর সহযোগিতার ভিত্তি হতে পারে। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী দেশটির চিনিকলগুলোর সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতেও পাকিস্তান প্রস্তুত। এ ছাড়া বস্ত্র, ওষুধ, চামড়া, গাড়ি, নির্মাণসামগ্রী, খনিজ, রাসায়নিক, সিরামিক ও পাটশিল্পসহ বিভিন্ন খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রতিরক্ষা খাতেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন জারদারি।
চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা ব্যবস্থার অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৫ সালের ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সহযোগিতার ১২টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যা ইতিবাচক অগ্রগতি।
প্রাণবন্ত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি বলেন, বিপুল অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করছে, তা প্রশংসনীয়।
রোহিঙ্গাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের ওপর থেকে চাপ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং ধারাবাহিক মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠক শেষে জারদারি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দিতে স্পিকারকে অনুরোধ করেন।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

