|| সাঈদ চৌধুরী ||
সাহিত্য সম্মেলনে সভাকবির বক্তব্যে উঠে এলো জন্মভূমি, শেকড়, ঐতিহ্য ও নতুন প্রজন্মের প্রতি ভালোবাসার অনন্য বার্তা
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1497929939146382
‘আমি সিলেটের সন্তান। আমি সেই বৃহত্তর আসামের অন্তর্গত সিলেটের সন্তান। জীবনের প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকেছি, বসবাস করেছি। বাবার চাকরির সুবাদে, পরে নিজের কর্মজীবনের কারণে দেশের নানা প্রান্তে ছুটে বেড়িয়েছি। কিন্তু মায়ের কোলের মতো সিলেটের টান কখনো ভুলতে পারিনি। আমি সিলেটের গর্বিত সন্তান।’
কথাগুলো বলছিলেন বাংলাদেশের সাবেক সচিব ও কূটনীতিক, লেখক ও কবি এ এইচ মোফাজ্জল করিম। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজিত সাহিত্য সম্মেলন-২০২৬-এ সভাকবি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সিলেটের প্রতি তাঁর গভীর ভালোবাসা, শৈশবের স্মৃতি এবং জন্মভূমির প্রতি অকৃত্রিম টানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁর কণ্ঠে বারবার ফিরে আসে একটি পরিচয়- তিনি সিলেটের সন্তান। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সিলেটই তাঁর আত্মার ঠিকানা।

বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে মোফাজ্জল করিম বলেন, আল্লাহ সিলেটকে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সম্পদে সমৃদ্ধ করেছেন। এ অঞ্চলের মানুষ হিসেবে আমরা সৌভাগ্যবান। সিলেটের প্রতি মানুষের যে গভীর ভালোবাসা, তা কোনো অর্থসম্পদ কিংবা পার্থিব প্রাপ্তি দিয়ে পরিমাপ করা যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক হলেও মানুষের হৃদয়ে জন্মভূমির জন্য যে ভালোবাসা থাকে, তা কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। হজরত শাহজালালের (রহ.) স্মৃতিধন্য এই জনপদের প্রতি মানুষের ভালোবাসা ও আত্মিক বন্ধন চিরন্তন।

নিজের শৈশব ও জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, বাবার কর্মসূত্রে এবং পরবর্তী সময়ে নিজের কর্মজীবনের কারণে জীবনের দীর্ঘ সময় সিলেটের বাইরে কাটাতে হয়েছে। ১৯৪১ সালে তিনি সিলেটে আসেন এবং পরবর্তী সময়ে প্রায় এক দশক এখানে অবস্থান করেন। ১৯৫০ সালে তাঁর বাবা নদীয়ায় চলে যান। এরপর জীবনের নানা পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে অবস্থান করলেও সিলেটের স্মৃতি তাঁর মন থেকে কখনো মুছে যায়নি।
কবি মোফাজ্জল করিম বলেন, সিলেটে জন্ম নেওয়ার পর থেকে তাঁর হৃদয়ে সিলেটের যে অবস্থান তৈরি হয়েছে, তা আজীবনের। ঢাকায় থাকুন, বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে থাকুন কিংবা ইউরোপ-আমেরিকার কোনো দেশে- যেখানেই থাকুন না কেন, সিলেটের মানুষের হৃদয়ে জন্মভূমির জন্য আলাদা একটি জায়গা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার, লাখ লাখ সিলেটির মধ্যেও এই ভালোবাসার বন্ধন অটুট রয়েছে।
সম্মেলনে উপস্থিত সুধীজন, সাহিত্যপ্রেমী ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, যারা আজও সিলেটের মাটিতে বসবাস করছেন, সিলেটের আলো-বাতাসে বড় হচ্ছেন, তাঁরা সত্যিই সৌভাগ্যবান। কারণ শৈশবের একটি সময় পর্যন্ত তিনি সিলেটে থাকার সুযোগ পেয়েছেন। এরপর আর সেভাবে থাকা হয়নি। তাই সিলেটে আসার প্রতিটি মুহূর্ত তাঁর কাছে নিজের ঘরে ফিরে আসার মতো আনন্দের।
এ এইচ মোফাজ্জল করিমের কর্মজীবন ছিল বর্ণাঢ্য ও বহুমাত্রিক। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৬ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদানের মধ্য দিয়ে তাঁর প্রশাসনিক জীবনের সূচনা। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন এবং বাণিজ্য মন্ত্রণালয়-সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে তাঁর কর্মদক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তাঁর সঙ্গে আমার পেশাগত ও ব্যক্তিগতভ ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। হাইকমিশনের ম্যাগাজিনসহ বিভিন্ন প্রকাশনা দীর্ঘকাল আমার সংবাদ সংস্থা ‘মিডিয়া মহল’ থেকে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিলেতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্যচর্চার বিকাশে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি।
লন্ডন থেকে তাঁর বিদায় উপলক্ষে আমার সম্পাদনায় ‘সায়ন্তন’ নামে একটি সংবর্ধনা স্মারক প্রকাশিত হয়েছিল। সেই স্মারকের সম্পাদকীয়তে তাঁকে নিয়ে আমার কিছু মূল্যায়ন তুলে ধরেছিলাম। আজ কেমুসাসের সাহিত্য সম্মেলনে তাঁর বক্তব্য শুনতে গিয়ে সেই স্মৃতিগুলো নতুন করে মনে পড়ছে।

‘সায়ন্তন’-এর সম্পাদকীয়তে লিখেছিলাম- ‘বক্তব্যে তিনি সবসময় চারুবাক। কথাশিল্পী। মূল্যবান কথা বলে সবাইকে উদ্দীপ্ত করেন দেশপ্রেমে। তাঁর Pearls of Speech থেকে মণিমুক্তা সংগ্রহ করতে পারেন বিদ্যোৎসাহী ও দেশপ্রেমিক মানুষ। দেশের জয়গান যখন গীত হয় তাঁর কণ্ঠে, তখন এটাকে Synthetic Patriotism মনে হয় না। কারণ এই গান—Spontaneous Overflow of Powerful Feelings; এই মাতৃকীর্তনে আছে Unpremeditated Ease।’

হাইকমিশনার হিসেবে তাঁর অন্যতম বড় অর্জন ছিল বিলেতে বসবাসরত প্রায় পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশির মনে এই বিশ্বাস সৃষ্টি করা যে, তিনি তাঁদের ‘Friend, not Master’- প্রভু নন, বন্ধু। বাংলাদেশের অনেক কূটনীতিকের মধ্যে সাধারণ প্রবাসীদের অভাব-অভিযোগ থেকে দূরে থাকার প্রবণতা দেখা গেলেও মোফাজ্জল করিম ছিলেন ব্যতিক্রম।
কমিউনিটির সদস্যদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। সভা, সমিতি ও বিভিন্ন অনুষ্ঠানে যেমন বাংলা ও ইংরেজিতে কথা বলেছেন, তেমনি ব্যবহার করেছেন সিলেটের আঞ্চলিক ভাষাও। কূটনৈতিক প্রটোকলের ঘেরাটোপ তাঁকে গণমানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। বরং তিনি হয়ে উঠেছিলেন প্রবাসীদের কাছে একজন আপনজন- একজন ‘People’s High Commissioner’।
মোফাজ্জল করিম কর্মবীর, কবি, লেখক ও বাগ্মী। ইংরেজিতে যাকে বলা যায় Workaholic। এককথায় তিনি একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বিস্ময়কর বিষয় হলো, প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজস্ব দক্ষতা ও স্বকীয়তার পরিচয় দিয়েছেন।
ছাত্রজীবনে ছিলেন তুখোড় মেধাবী। কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়েছিলেন একজন দক্ষ ও প্রভাবশালী আমলা হিসেবে। হাইকমিশনার হিসেবেও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি পেশাদার কূটনীতিকদের সঙ্গে সমানতালে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে এবং ব্রিটিশ জাতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশকে যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল।
সফল কবি ও সাহিত্যিক হিসেবে তিনি সবসময় মেনে চলেছেন ‘Right Word in the Right Place’ নীতি। কর্মক্ষেত্রেও তাঁর আদর্শ ছিল ‘Right Action at the Right Place and Time’। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর কর্মদর্শনের মর্মবাণী যেন-‘Right or Wrong, My Country First’।
আমাদের দেশে Intellectual Giant অনেকেই আছেন, কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ নৈতিকতার প্রশ্নে পিছিয়ে থাকেন। মোফাজ্জল করিমকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও নৈতিক দৃঢ়তা- দুই ক্ষেত্রেই তিনি সমানভাবে উজ্জ্বল। তাঁর মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের যে সমন্বয় দেখেছি, তা নিঃসন্দেহে স্মরণীয়।
কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। কিন্তু এত বড় কর্মজীবন, রাষ্ট্রীয় দায়িত্ব কিংবা আন্তর্জাতিক পরিচিতির মধ্যেও নিজের শেকড়ের পরিচয় কখনো ভুলে যাননি। আন্তর্জাতিক পরিচয়ের ঊর্ধ্বে ছিল নিজের শেকড়ের টান।

সাহিত্য সম্মেলনে নিজের জন্মভূমির পরিচয় তুলে ধরতে গিয়ে আবেগভরে বলেন, তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়, হাকালুকি হাওরের পারে। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর প্রকৃত ঠিকানা হাকালুকি হাওরের পারের সেই জন্মভূমি, সেই সিলেট।
তাঁর কথায়, ‘লন্ডনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার আসল ঠিকানা তো এই হাকালুকি হাওরের পারে। এই সিলেট, আমার আসল ঠিকানা। আমার বাংলাদেশ।’
একজন মানুষের প্রকৃত পরিচয় যে তাঁর শেকড়, জন্মভূমি ও পূর্বপুরুষের ঐতিহ্যের মধ্যেই নিহিত- তাঁর এই উপলব্ধি সম্মেলনে উপস্থিত শ্রোতাদের হৃদয় স্পর্শ করে।

বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল নতুন প্রজন্মের প্রতি তাঁর প্রত্যাশা ও দায়িত্ববোধ। বর্তমান প্রজন্মের কেউ কেউ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও পারিপার্শ্বিকতা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে- এমন উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একজন মানুষ যত বড় বিজ্ঞানী, যত বড় ধনী কিংবা যত উচ্চপদস্থ কর্মকর্তা হোন না কেন, নিজের পূর্বপুরুষের পরিচয়, ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করে প্রকৃত অর্থে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। নিজের শেকড় সম্পর্কে জানা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা প্রত্যেকের দায়িত্ব।
এ জন্য মা-বাবা, দাদা-দাদি ও পরিবারের প্রবীণ সদস্যদের সন্তানদের নিজেদের ইতিহাস, পারিবারিক পরিচয়, পূর্বপুরুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ তৈরি করার আহ্বান জানান তিনি।
তাঁর প্রত্যাশা, নতুন প্রজন্ম শুধু শিক্ষিত কিংবা প্রতিষ্ঠিত নাগরিক হিসেবেই নয়, নিজেদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ হিসেবেও বেড়ে উঠবে। সিলেটের প্রতি ভালোবাসা, সিলেটি সংস্কৃতি ও কৃষ্টির প্রতি শ্রদ্ধা যেন প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়।
প্রশাসন ও কূটনীতির ব্যস্ত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্যচর্চায়ও নিজেকে সমৃদ্ধ করেছেন এ এইচ মোফাজ্জল করিম। কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ে তাঁর বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর চার খণ্ডের আত্মজীবনীতে ব্যক্তিজীবন, কর্মজীবন, সময় ও সমাজের নানা অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ২০১০ সালে রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার এবং ২০১৬ সালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
কেমুসাসের সাহিত্য সম্মেলনে তাঁর উপস্থিতি তাই শুধু একজন সাবেক কূটনীতিক কিংবা প্রশাসকের উপস্থিতি ছিল না, ছিল একজন সাহিত্যসাধক, কবি ও শেকড়সন্ধানী মানুষের ফিরে আসা। নিজের সাহিত্যকর্ম থেকে একটি কবিতা পাঠের আগ্রহ প্রকাশ করে আয়োজকদের অনুমতি নিয়ে তিনি কবিতা আবৃত্তি করেন। তাঁর কবিতাপাঠ ও আবেগঘন বক্তব্যে সম্মেলনে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
শারীরিক অসুস্থতা ও দুর্বলতার কথা উল্লেখ করে তিনি জানান, চিকিৎসক বন্ধুদের সঙ্গ ও সহযোগিতা নিয়েই সম্মেলনে উপস্থিত হয়েছেন। বিশেষভাবে তাঁর ঘনিষ্ঠ আত্মীয় নিউরোসার্জন ডা. মোস্তফা তৌফিক আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও সাহিত্যপ্রেমী মানুষের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে।
সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে পৃথিবীর যে প্রান্তেই সিলেটের মানুষ থাকুন না কেন, সিলেটের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের প্রতি তাঁদের ভালোবাসা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়- এ কামনা করেন।

এ এইচ মোফাজ্জল করিমের জীবনের দিকে তাকালে দেখা যায়, তাঁর পরিচয়ের পরিধি বহুমাত্রিক। তিনি শিক্ষক ছিলেন, প্রশাসক ছিলেন, সচিব ছিলেন, কূটনীতিক ছিলেন, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। সাহিত্যাঙ্গনেও রয়েছে তাঁর স্বতন্ত্র অবস্থান। কিন্তু এত পরিচয়ের ভিড়েও যে পরিচয়টি তাঁর কাছে সবচেয়ে প্রিয়, সেটি হলো- তিনি সিলেটের সন্তান। সিলেটের প্রতি ভালোবাসাই তাঁর চিরন্তন পরিচয়।
তাঁর বক্তব্যের প্রতিটি পরতে পরতে ছিল জন্মভূমির প্রতি মমতা, শৈশবের স্মৃতির প্রতি আকুলতা এবং নিজের শেকড়কে আঁকড়ে থাকার এক গভীর প্রত্যয়। তিনি যেন নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দিলেন, মানুষের জীবনে সাফল্য, সম্মান ও প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ; কিন্তু নিজের জন্মভূমি, পূর্বপুরুষ ও ঐতিহ্যের পরিচয় ভুলে গেলে জীবনের একটি মৌলিক অধ্যায় অসম্পূর্ণ থেকে যায়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্মেলন-২০২৬-এ তাঁর বক্তব্য তাই কেবল একজন কবির আবেগঘন স্মৃতিচারণে সীমাবদ্ধ থাকেনি। তা হয়ে উঠেছে শেকড়ের সন্ধানে ফিরে যাওয়ার, জন্মভূমিকে ভালোবাসার এবং আগামী প্রজন্মের কাছে ঐতিহ্যের আলো পৌঁছে দেওয়ার এক আন্তরিক আহ্বান।
সবশেষে তাঁর বক্তব্যের একটি বাক্যই যেন পুরো জীবনের দর্শনকে ধারণ করে- ‘আমার আসল ঠিকানা হাকালুকি হাওরের পারে। এই সিলেট, আমার আসল ঠিকানা। আমার বাংলাদেশ।’
পৃথিবীর মানচিত্রে মানুষের ঠিকানা বদলাতে পারে, কর্মস্থল বদলাতে পারে, পরিচিতির পরিধি বাড়তে পারে, কিন্তু হৃদয়ের মানচিত্রে জন্মভূমির ঠিকানা কখনো বদলায় না। এ এইচ মোফাজ্জল করিমের জীবন ও বক্তব্য সেই চিরন্তন সত্যেরই এক আবেগঘন প্রকাশ।
সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভির সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

