ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর তেহরানের রাস্তায় সরকারপন্থীদের বিক্ষোভের কিছু বিবিসির হাতে এসেছে। বিক্ষোভকারীদের অনেকেই ইরান ও হেজবুল্লাহর পতাকা বহন করছিলেন।
এপ্রিল মাসে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এই প্রথম ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জের ধরে সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময় তেলের দাম বেড়ে যায়।
বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেল আড়াই শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর এই সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানে হামলা না করার অনুরোধ ট্রাম্পের
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান যে তিনি নেতানিয়াহুকে ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণ না করার আহবান জানাবেন।
ট্রাম্প একই বার্তা ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকেও দেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি ‘আজ রাতে আর কোনো অতিরিক্ত হামলা দেখতে চান না’।
ট্রাম্প বলেন: “ইরানের হামলায় কেউ আহত হয়নি। প্রত্যেকেই তাদের মতো করে কাজ করেছে। ইসরায়েল তার হামলা চালিয়েছে, ইরানও তার হামলা চালিয়েছে। আমাদের আর কোনো হামলার প্রয়োজন নেই।” তিনি আরও বলেন: “আমি এখনই নেতানিয়াহুকে ফোন করব এবং তাকে পাল্টা হামলা না করতে বলব।”
এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যে, নেতানিয়াহুর ‘ইরানের সঙ্গে একটি চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না’। বিবিসি

