|| সাঈদ চৌধুরী ||
একাত্তরের রণাঙ্গন থেকে কাকুল সামরিক একাডেমি, অতীতের সংঘাত পেরিয়ে সংসদীয় কূটনীতির নতুন সমীকরণ- বাংলাদেশের স্পিকারের পাকিস্তান সফর ঘিরে আঞ্চলিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা।
স্পিকার হাফিজউদ্দিন আহমদের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় সংসদ সদস্য নাসের রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান, হুমাম কাদের চৌধুরী, জহরত আদিব চৌধুরী এবং নিলোফার চৌধুরী মনি।
ইতিহাস কখনো কেবল অতীতের গল্প বলে না, কখনো কখনো ইতিহাসের স্মৃতি বেয়ে ভবিষ্যতের পথের সন্ধান বাতলায়। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ ‘বীর বিক্রম’ পাকিস্তান সফরে যেন তেমনই এক বহুমাত্রিক রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনার জন্ম দিয়েছেন।
যে পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একসময় তাঁর সামরিক জীবনের সূচনা, যে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে অস্ত্র হাতে যুদ্ধ করে তিনি অর্জন করেছিলেন ‘বীর বিক্রম’ খেতাব, দীর্ঘ সময়ের ব্যবধান পেরিয়ে সেই পাকিস্তানেই এবার তিনি গেলেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সাত দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের স্পিকার। সফরের শুরু থেকেই দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক কূটনীতির সম্ভাবনা আলোচনায় এসেছে।
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি সফরের স্মারক হিসেবে পার্লামেন্ট হাউসের আঙিনায় ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার। বৃক্ষরোপণ শেষে দুই দেশের অগ্রগতি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একটি গাছের চারা রোপণ নিছক আনুষ্ঠানিকতা নয়, কূটনীতির ভাষায় এটি ভবিষ্যতের প্রতি আস্থার প্রতীকও। অতীতের সংঘাত, অবিশ্বাস ও দূরত্বের ইতিহাস পেছনে ফেলে দুই দেশের সম্পর্ককে নতুন বাস্তবতায় এগিয়ে নেওয়ার প্রত্যাশাই যেন প্রতিফলিত হয়েছে এই আয়োজনে।
এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দৃশ্যপট তৈরি হয়েছে পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শনের মধ্য দিয়ে।
সেখানেই একসময় সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, একাডেমিতে পৌঁছালে কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি একাডেমির প্রশিক্ষণ পরিবেশ ঘুরে দেখেন এবং নিজের সামরিক জীবনের শুরুর দিকের স্মৃতিচারণা করেন।
দৃশ্যটি ইতিহাসের বিচারে নিঃসন্দেহে ব্যতিক্রমী। একই সামরিক প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী একসময় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। আবার ১৯৭১ সালে সেই রাষ্ট্রের বিরুদ্ধেই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। রণাঙ্গনে বীরত্বের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন ‘বীর বিক্রম’ খেতাব। আর পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশ জাতীয় সংসদের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে সেই একাডেমিতেই তাঁর প্রত্যাবর্তন ইতিহাসের এক অনন্য বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো ঘটনা।
এই সফরের রাজনৈতিক তাৎপর্য আরও বিস্তৃত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এবং ভারতকে ঘিরে আঞ্চলিক সমীকরণের আলোচনায়।
ঢাকায় পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি ফুটবল ফাইনাল ম্যাচে দর্শকদের বড় অংশ পাকিস্তানকে সমর্থন করেছিলেন। ম্যাচে ৯৯.৯৯% দর্শকদের সমর্থনের কথা অকুণ্ঠভাবে স্বীকার করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তাঁর বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের মানুষের ক্রীড়াঙ্গনের আবেগ এবং পাকিস্তানের প্রতি সমর্থনের প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের বক্তব্য কেবল খেলাধুলার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। বরং জনমত, জাতীয় আবেগ এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আলোচনাকেও সামনে নিয়ে আসে।
বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের জটিলতা বিবেচনায় নিলে বক্তব্যটির রাজনৈতিক অনুরণন আরও স্পষ্ট হয়। যদিও একটি ফুটবল ম্যাচের দর্শক সমর্থনকে বাংলাদেশের সামগ্রিক পররাষ্ট্রনীতির অবস্থান হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। রাষ্ট্রীয় সম্পর্ক নির্ধারিত হয় জাতীয় স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি, কূটনৈতিক ভারসাম্য এবং জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের ভিত্তিতে। তারপরও খেলাধুলায় বিপুল সংখ্যক মানুষের সমর্থনের মধ্য দিয়ে একটা নতুন সমীকরণের বার্তা প্রকাশ পায়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও স্পিকারের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার পেছনে পাকিস্তানকে দুর্বল করার কৌশলগত উদ্দেশ্যের প্রসঙ্গ উঠে এসেছে স্পিকারের বক্তব্যে। বিষয়টি দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটি সংবেদনশীল অধ্যায়কে আবারও আলোচনায় নিয়ে এসেছে। কারণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ভারতের সামরিক, কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির স্বার্থও গুরুত্বপূর্ণ।
তবে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি ছিল এ দেশের মানুষের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। কোনো প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা কিংবা ভূরাজনৈতিক স্বার্থ বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালির নিজস্ব সংগ্রামকে খাটো করতে পারেনি।
সব মিলিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমদের পাকিস্তান সফরকে কেবল একটি আনুষ্ঠানিক সংসদীয় সফর হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বহুমুখী সম্পর্কের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতা এবং অতীতের বৈরিতা অতিক্রম করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির আলোচনাকে সামনে নিয়ে এসেছে।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

