আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে হামলার অভিযোগ উদ্বেগজনক ও নিন্দনীয় : অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধরের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, আইইডিসিআরের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের নিজ কার্যালয়ে এ ধরনের হামলা গভীর উদ্বেগের বিষয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা মতপার্থক্য থাকলে তা আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, অধ্যাপক কাজী আহমদ জাকি অভিযোগ করেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা সংঘবদ্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টির আশঙ্কা বাড়ায়।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া, দলীয় প্রভাব খাটানো কিংবা সংঘবদ্ধভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য। কোনো প্রতিষ্ঠানের প্রধানের কার্যালয়ে হামলার অভিযোগ শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পেশাগত স্বাধীনতার জন্যও উদ্বেগের কারণ।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সঙ্গে অধ্যাপক কাজী আহমদ জাকির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইইডিসিআরসহ দেশের সব সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *