‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা কিংবা জালিয়াতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ নিয়ে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মী দল মালয়েশিয়ায় যাবে। এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে ‘ল ফার্ম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃহত্তর সিলেটের অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও পর্যটনশিল্পের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। ইতোমধ্যে জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনসমৃদ্ধ জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে।
শিক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে লক্ষ্যে তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

