ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। (২ মার্চ ২০২৬) এক বিবৃতিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা স্পষ্ট ভাবে সরাসরি নাকচ করে দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে তেহরান। লারিজানি এই প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অন্য এক পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘ভ্রান্ত কল্পনা’ মধ্যপ্রাচ্যকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। লারিজানির দাবি, ট্রাম্প তার বিখ্যাত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে কার্যত ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন এবং ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে মার্কিন সেনাদের জীবন বলি দিচ্ছেন।

