বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ভাষাসৈনিক ও বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে প্রফেসর গোলাম আযমের স্মৃতিচারণ করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টারের মাধ্যমে দ্বীনের প্রচার এবং শিক্ষা-গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করার সুযোগ তৈরি হবে। জ্ঞানচর্চার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে সৃজনশীল কার্যক্রম আরও সম্প্রসারিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই মিলনায়তন ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমীর মো. গোলাম ফারুকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

