সাতাশ.
দাদারা ছিলেন চার ভাই। দাদা মজিদ খাঁ ছিলেন দ্বিতীয়। প্রথম জনের নাম আবদুল লতিফ খাঁ, তারপর আবদুস সাত্তার খাঁ, আবদুল হামিদ খাঁ। এরমধ্যে প্রথম জন ছিলেন পন্ডিতলোক। বইপত্র লিখতেন। তার বেশির ভাগ লেখালেখি ইংরেজিতে। লন্ডন থেকে প্রকাশিত একটি পত্রিকার তিনি ছিলেন নিয়মিত লেখক। তাও সেই উনিশশত একুশ-বাইশ সালের দিকে। স্থানীয় প্রত্রিকায়ও তিনি লিখতেন। বাংলা ইংরেজি দু’ভাষাতেই।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রকাশিত পাক্ষিক প্রজাবন্ধু ছিল তেমনি একটি পত্রিকা। লন্ডনের যে মাসিক প্রত্রিকায় তিনি লিখতেন তার নাম ইলসামিক রিভিয়্যু। দি গ্লোরিয়াস মুসলিম সিভিলাইজেশন নামের একটি বিখ্যাত বই আছে তার।
ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলের তিনি শিক্ষকতা করতেন। অনেক স্কুল পাঠ্যবইয়েরও তিনি ছিলেন লেখক। বিশেষ করে ইতিহাস জাতিয় বই। মৌলবি আবদুল লতিফ খান লেখক হিসাবে তাকে চিনতো মানুষ-পাঠক। গল্পের মতো বলে যাওয়া আব্বার কথাগুলো আমি হা করে গিলছিলাম।
আব্বাকে বললাম আব্বা আমিও কিন্তু লেখক হবো। দাদার মতো বই লেখব। আব্বা হাসলেন। মনে মনে ঠিক করলাম আবার গ্রামের বাড়ি ঘাটুরায় গেলে লতিফ দাদার সাথে এসব নিয়ে কথা বলব। লেখক হতে গেলে কি কি করতে হবে তা জানতে চাইব। আব্বার সাথেও আলোচনা করলাম এ নিয়ে। দূরে বসে আম্মা মুচকি হাসলেন।
আব্বা বললেন লেখক হতে গেলে কিন্তু অনেক অনেক পড়াশুনা করতে হয়। দেখো নাই তোমর বড় দাদার ঘরে কতো কতো বই। ঠিক আছে আবার গ্রামে গেলে লেখাটেখা নিয়ে কথা হবে, জানা হবে। তোমার বড় দাদা কেমন করে লেখেন তুমি নিজেই তা জেনে নিও। আগে স্কুলে ভর্তি হও। ক্লাসের বই-টই পড়া শুরু করো। না পড়লে লিখবে কি করে।
আমার নজরে তখন আবছা আবছা ভাসছে বড় দাদা। শুয়ে আছেন, বিছানা জুড়ে ছড়ানো ছিটানো বই। বৃদ্ধ মানুষটি কি করে এতো বই পড়ে? ভাবনার রাজ্যে হুমড়ি খেয়ে পড়ছে বাতাস। সাথে ভয় আর আতংক। আমি ঝিম মেরে থাকলাম কতক সময়।
বিষয়টি আব্বার নজরের বাইরে গেলো না। তাই বললেন ভাবছো কি। অনেক অনেক বই পড়তে হবে এই কথা? পাঠ না করলে তো জ্ঞান বাড়বে না। চিন্তার জগৎ দুমড়ে মুচড়ে পড়ে থাকবে। উঠতে বসতে গেলেও বিপদ। দাঁড়াতে গেলেও পড়ে যাবে ধপাস করে। ঐ দেখ না তোমার বড় দাদা বেশি বেশি পড়তেন বলেই তো এতো নামডাক। বিলাত পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে তার নাম, খ্যাতি।
কথার মাঝখানে আম্মা এসে হাজির। তার চেহারায় বিরক্তির ভাব। আব্বাকে থামিয়ে দিয়ে বললেন সবই তো শুনলাম, এখন স্কুলে পাঠানোর জন্য ব্যবস্থা করুন। পড়াশোনার খবর নাই, লেখক হবার শখ। আগে পড়া তারপরতো লেখা।
আম্মার ধমকি ধামকিতে আমার স্বপ্নের পঙ্খিরাজ তার পাখা গুটিয়ে নিলো। মেঝের দিকে তাকিয়ে থাকলাম শব্দহীন। মনে হতাশার ঝড় কেবলি গুত্তা খাচ্ছে।
সূর্যের চোখ ফুটতে ফুটতেই আব্বা অফিসে রওয়ানা হন। আবার যখন আকাশের অর্ধেকের খানিকটা বেশি পথ পাড়ি দিয়ে ফেলে সূর্য ঠিক তখনই ফিরে আসেন আব্বা। প্রায় রোজকার নিয়ম-রীতি এমনটাই ছিলো। সপ্তাহর একদিন কাবার করতেন বাসায়। সে দিনটি ছিলো রোববার। আনন্দের প্রজাপতি তখন উড়তো ঘরে।
এদিকে স্কুলের বিষয় নিয়ে আম্মার ব্যস্ততা কাটছেই না। আব্বাকে তাকিদ দিচ্ছেন প্রায় প্রতিদিন। আমার ভিতরেও আগ্রহরা কেবলি উথাল পাথাল করছে। কখন স্কুলে যাব। বন্ধুবান্ধব একসাথে হৈ হুল্লায় মাতবো। নতুন বইয়ের গন্ধ শুঁকবো। অপেক্ষায় চলে গেলো আরো চার-পাঁচদিন।
অবশেষে স্কুল ধরা দিলো। আব্বা বললেন স্কুল পেয়ে গেছি। আমার পছন্দ হয়েছে। আশা করি তোমারও পছন্দ হবে। এমন সংবাদে আম্মার চোখেও স্বস্তির ঝিলিক। আমার খুশিতো উপচে উপচে পড়ছে মাটিতে। কবে সকাল হবে। সে রাতে আর তেমন ঘুম হলো না। মগজে কেবল স্কুলের ভাবনা। স্কুলটি দেখতে কেমন কে জানে। খেলার মাঠ আছে তো! নামটাই তো জানা হলো না। এসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই জানালার ফাঁক দিয়ে রোদ এসে হাজির।

আটাশ.
সাজিয়ে গুছিয়ে দিলেন আম্মা। আঁচড়িয়ে দিলেন পরিপাটি করে চুলগুলো। স্কুলে ভর্তি হতে যাচ্ছি আজ। ভিতরে নাচানাচি করছে খুশি। পাশাপাশি ভয়দেরও চেঁচামিচি। আকাশের কিছুটা উপরে উঠে গেছে সূর্য। আব্বা তাকিদ দিলেন। আমি তো তৈরি হয়ে আছি সেই কখন।
স্কুলটি বেশি দূরে নয়। হাঁটাপথে পাঁচ-সাত মিনিটি। বড়জোর মিনিট দশেক হবে হয়তো। আশেপাশে নজর ফেলতে ফেলতেই পৌঁছে গেলাম সেই স্কুলের বারান্দায়। বিশাল না হলেও অশোকতলার স্কুলের তিনগুন বড় তো হবেই। এটিও বাঁশের বেড়া, আর চালার ছাউনিও বাঁশের।
মাঝারি ধরনের একটি টিন ঝুলানো প্রবেশপথে। তাতে স্কুলের নাম লেখা আছে রামচন্দ্র পাঠশালা। নামে যাইহোক পাঠশালাটি মোটামুটি আমার পছন্দ হয়েছে। সবচে বড় কথা পাঠশালার সামনে বিশাল মাঠ। আশপাশও ফাঁকা। হেডস্যার নামটাম জিজ্ঞেস করলেন। প্রশ্নট্রশ্ন করলেন দু’একটি। আমিও জবাব দিলাম ঝটপট। স্যার খুশি হলেন, তারপর ভর্তি শেষ। কি সব লিখেটিখে আব্বাকে দিলেন।
রামচন্দ্র পাঠশালার ভিতরেও দেয়াল বেড়া নাই। সবটাই ফাঁকা, ক্লাশ ভাগ করা লম্বা টুল দিয়ে। ছাত্রটাত্র তেমন কাউকে দেখলাম না। তবে আমার মতো দু’একজন আসছে আব্বাদের সাথে। হয়তো ওরাও ভর্তি হবে। ভর্তি পালা শেষ। এরিমধ্যে আরো দু’একজন স্যার এসে হাজির। তারা যে এই পাঠশালারই শিক্ষক ক্লাশ শুরুর পর জানতে পারলাম। তাদেরই একজন আমার ক্লাশরুমটি দেখিয়ে দিলেন। ক্লাশরুম বলতে বসার টুলগুলো দেখালেন।
অশোকতলা ফিরতে ফিরতে দুপুরের কাছাকাছি হয়ে গেলো। আগামীকাল থেকে স্কুল। তাই ফিরার পথে পরিবেশ রাস্তাঘাট সব নজরের খাতায় এঁকে নিলাম। আব্বা বললেন এই যে দেখছ এর নাম রানীর বাজার। এই বাজার থেকে দু’কদম গেলেই তোমার স্কুল, রামচন্দ্র পাঠশালা। মনে থাকবে তো। আমি মাথা নাড়লাম। আর আশেপাশের বাড়ি ঘরগুলো চোখে মগজে আটকে রাখার চেষ্টা করলাম। যেন বেদিশা-বিভ্রাট এসে ধাক্কা না দেয়।
বাসায় চিন্তা চিন্তা ভাব নিয়ে অপেক্ষা করছিলেন আম্মা। খুশি খুশি চেহারা নিয়ে ফিরলাম আমরা। লড়াই জয়ী সৈনিকদের মতো। তারপর হরহর করে বলতে লাগলাম স্কুলের কথা, স্যারদের কথা। বিশাল মাঠের বর্ণনা দিতেও ভুললাম না। আমার ছটফটানো দেখে মুচকি হাসলেন আম্মা। সব শোনেটোনে বললেন আলহামদুলিল্লাহ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আব্বা আম্মা দু’জনেই।
পরদিন থেকেই শুরু হলো স্কুল আসা যাওয়া। আব্বা বললেন যেতে পারবে তো? চিনবে তো রামচন্দ্র পাঠশালা! আমি মাথা ঝোঁকালাম। কেনো পারবো না। অশোকতলার ইট বিছানো গলিপথ পার হলেই সদর রাস্তা। তারপর ডানে বাঁক নিলেই তো রানীরবাজার। এরপর দু’কদম হাঁটলেই ডানে রামচন্দ্র পাঠশালা। মুখস্থের মতো শোনালাম আব্বা-আম্মাকে।
কবিতার ছন্দে বলা শব্দগুলো শুনে আব্বা তো স্বশব্দে হেসে উঠলেন। আম্মার হৃদয়ের ধরফরানিটাও ঘুমপাড়ানির দেশে পালিয়ে গেল। স্কুলজীবনটা বেশ ভালোই লাগছে। বন্ধুবান্ধব খেলাধুলা এক অন্যরকম আনন্দের শাপলা ঝিলের মাঝখান দিয়ে যেনো সাঁতরাচ্ছি। ঠাকুরপাড়ায় তো মাস দুয়েকের মতো স্কুল করেছিলাম। স্কুল চিন্তে চিন্তেই শেষ। আমাদের কুমিল্লা ছাড়তে হয়েছিলো।
এখানে পড়ালেখার পাশাপাশি আনন্দ ফুর্তিও অনেক। বিশাল মাঠে খেলায় কোনো বারণ নাই। অশোকতলায় দু’জন বন্ধু মিলে গেল। তারাও রামচন্দ্র পাঠশালার ছাত্র। তবে তারা আমার এক ক্লাশ উপরের ছাত্র। তাতে কি আমরা বন্ধু বনে গেলাম। এখন থেকে তিনজন মিলে স্কুলে যাওয়া আসা করি। একদিন আমরা নতুন একটি পথ আবিষ্কার করে ফেললাম। রাস্তাটি স্কুলের পেছন দিকে। এ পথে আসতে রানীর বাজার পথের অর্ধেক সময় লাগে।
এ পথে কারোর বাড়ির উঠান আবার কতকটা ফসলী জমির আইল মাড়িয়ে এই যা। তাতে কি? সময়টাতো কমলো! আমাদের বাসার পেছন দিকটায় ধানী জমি। পাশেই বিশাল একটি দিঘি। দিঘির লাগুয়া ঠিক তত বড় একটি মাঠ! সে মাঠে বড়রাও খেলে। আমাদের মতো ছোটরাও।
আসরের আজান শেষ হতে না হতেই পা রাখি ঘরের সিঁড়িতে। ঠিকানা খেলার মাঠ। বাড়ি থেকে মাত্র এক’দু মিনিটের পথ। কোনো কোনো দিন বন্ধুরা এসে অপেক্ষা করতো বাসার গেইটে। তখন আম্মার সবাধান বাণী শোনা যেতো, দিঘির ধারে কাছে যাবা না কিন্তু। আমি মাথা নেড়ে বেড়িয়ে পড়তাম। কোনো কোনো দিন ফুটবল আবার কোনো দিন ঘুড়ি ওড়ানো। একটা ভিন্ন রকম আনন্দের মাঝখান দিয়ে দৌড়াতাম।
মাগরিবের আজানের সাথে সাথে আনন্দের পাখায় টান পড়তো। তারপর বাসায়। নামাজের পরপরই বইখাতারা হয়ে উঠতো বন্ধু। তখন বাইরে ডাকতো ঝিঁ ঝিঁ পোকা। অন্ধকার উঠানে জ্বলতো জোনাকিরা মিটমিট। কোনো কোনো দিন মনে হতো ভয়েরা দাঁড়িয়ে আছে জানালার পাশেই।
অশোকতলার বাড়িঘরগুলো বেশ দূরে দূরে। এ জন্যে বাতাসের হৈ চৈ থামতেই চায় না। রাতের অবস্থাটাতো আরো বেগতিক। প্রায় রাতেই মনে হতো তুফান ছুটছে। দৌড়াচ্ছে একদল পাগলা ঘোড়া।
দিনের অর্ধেকটা সময় কাটতো স্কুলে। খেলায় পড়ায় স্যারদের ধমকি ধামকি আর বন্ধুবান্ধব নিয়ে হৈ চৈ। দুপুরের পর অশোকতলা হয়ে পড়তো একটি নিঝঝুম নগরী। বাসার সামনের রাস্তায় একজন কি দু’জন পথিক হেঁটে যাচ্ছে। ফেরিওয়ালাদের আসা-যাওয়াও আঙ্গুলে গোনা।
অশোকগাছের পাতায়, ডালে হুমড়ি খেয়ে পড়তো বাতাস। চুপচাপ ডালে বসে ঝিমাতো নানান ধরনের পাখি। ঝিকমিক শব্দ করে চলে যেতো রেলগাড়ি। আমাদের বাসার খুব কাছ দিয়েই গেছে রেললাইন। ঘর থেকেই দেখা যেতো। এসব দেখতে দেখতেই সময়টা কাবার হতো। এমনটাই ছিলো প্রতিদিনকার রুটিন। বৈকালিক খেলাধুলাতো জমাই থাকতো।
জীবনঘুড়ির আকাশ দেখা খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি ও ছড়াকার সাজ্জাদ হোসাইন খানের জীবনের গল্প (ধারাবাহিক চলবে)

