সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তানসহ গোটা পরিবার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সিলেটে আবারও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এবার হামলার লক্ষ্যবস্তু হয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেক। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তাঁর বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় সংসদ সদস্য তাঁর স্ত্রী ও ছেলে-সহ পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

প্রাপ্ত তথ্যমতে, ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি পিকআপে করে এসে বাড়ির টিনের চালে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে সংসদ সদস্য এম এ মালেকের ঘুম থেকে জাগেন। পেট্রলবোমায় বাড়ির চালের একটি অংশে আগুন ধরে যায়। তবে বাড়িতে থাকা নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের সম্পৃক্ততার বিষয়ে ধারণা পাওয়া গেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক সন্দেহের কথা জানানো হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য এম এ মালেক বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিজ এলাকায় সব রাজনৈতিক মতাদর্শ ও পরিচয়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। দলীয় পরিচয়ের ভিত্তিতে তিনি কখনো কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেননি। এরপরও তাঁর বাড়িতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে এম এ মালেক বলেন, ‘রাতের বেলায় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। তখন আমাদের নিরাপত্তাকর্মীরা দ্রুত বাইরে ছুটে যান। তাঁরা দেখতে পান, একটি পিকআপ থেকে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে আগুন জ্বলছে। বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকায় নিরাপত্তাকর্মীরা তিনজন মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় এই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে আমি বাড়িটি নতুন করে নির্মাণ করেছি। অতীতেও তারা এই বাড়িতে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে।’

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘সম্প্রতি সিলেট-৩ আসনের পক্ষ থেকে আমরা দক্ষিণ সুরমায় একটি সন্ত্রাসবিরোধী র‍্যালির আয়োজন করেছি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আমি নিশ্চিত করার চেষ্টা করেছি, আওয়ামী লীগের কেউ যেন মানবিক অধিকার থেকে বঞ্চিত না হন। আমার কারণে যেন কারও কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও আমি সব সময় সচেতন থেকেছি। আজ পর্যন্ত আমি সেই নীতিতেই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা কেন দেশের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা আমার বোধগম্য নয়। সারা বাংলাদেশেই এমন ঘটনা ঘটছে। গোপালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ সুরমায়ও প্রায়ই রাতে গোপন হামলা ও গোপন মিছিলের ঘটনা ঘটছে।’

এম এ মালেকের অভিযোগ, দক্ষিণ সুরমায় সংঘটিত এসব কর্মকাণ্ডে সিলেটের বাইরের বিভিন্ন এলাকার লোকজনও অংশ নিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জগন্নাথপুর, বিশ্বনাথ, ওসমানীনগর, মৌলভীবাজার, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেট শহর থেকে লোকজন এসে এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এসব তৎপরতার পেছনে কারা অর্থায়ন করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্ট একটি চক্রের অর্থায়ন এবং লন্ডন থেকে উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি।

সংসদ সদস্য আরও অভিযোগ করেন, হামলার বিষয়ে তাঁরা কারও সঙ্গে কথা বলার আগেই লন্ডনভিত্তিক কিছু সংবাদমাধ্যমে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট কয়েকজন সাংবাদিকের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।

এদিকে সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় বিভিন্ন মহল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *