নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে শনিবার (২১ নভেম্বর ২০২৬) সিলেটে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কঠোর মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1562851979006957
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে যারা এ ধরনের কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন এবং আড়ালে থেকে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে সন্ত্রাসের চর্চা ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে এবং এর পরিণতিতে দলটির নেত্রীকে দেশ ছাড়তে হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখনো আওয়ামী লীগের নেত্রীর নির্দেশনা অনুসরণ করবেন, তাঁদেরও বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে।
‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে কটাক্ষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্লোগানটি এখন পলায়নের প্রতীকে পরিণত হয়েছে।
তাঁর ভাষায়, তারা কিছু একটা ছুড়ে দিয়েই দৌড়ে পালিয়ে যায়। এমনকি বিড়ালও তাদের চেয়ে বেশি সাহসী। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাহস ও জনসমর্থন নিয়েও বিদ্রূপ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষায়, তাঁরা নিজেরাই আতঙ্কিত থাকেন, অথচ সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেন। তিনি আওয়ামী লীগের প্রতি মানুষের ব্যাপক নেতিবাচক মনোভাব রয়েছে বলেও দাবি করেন।

