২৫০ হাজার পাউন্ড অনুদান শিক্ষা সহায়তা
উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের পথে স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ।
টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (THCWFET)-এর মাধ্যমে এ বছর ৭৫ জন বাসিন্দাকে এই অনুদান দেওয়া হয়েছে। এর আওতায় রয়েছে উচ্চশিক্ষা ও চলমান পড়াশোনা, স্নাতকোত্তর শিক্ষা এবং বিভিন্ন পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।
দীর্ঘদিনের এই অংশীদারিত্বের যাত্রা শুরু হয়েছিল ১৯৯০ সালে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দা এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
টাউন হলে প্রাপকদের সম্মাননা
গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ বছরের সফল আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান। বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ও ট্রাস্টি কাউন্সিলর মাইযুম তালুকদার এবং ট্রাস্টের চেয়ারম্যান নীল গ্রিফিথস।
অনুষ্ঠানে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “জীবনের সুযোগ-সুবিধা উন্নত করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হলো শিক্ষা।” তাঁর মতে, এই অনুদান আর্থিক বাধা অতিক্রম করে বাসিন্দাদের এমন শিক্ষার সুযোগ গ্রহণে সহায়তা করছে, যা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তিনি এ বছরের অনুদানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে সমর্থনের জন্য ক্যানারি ওয়ার্ফ গ্রুপকে ধন্যবাদ জানান।
ডেপুটি মেয়র ও ট্রাস্টি কাউন্সিলর মাইযুম তালুকদার বলেন, আর্থিক চাপ অনেক মেধাবী ও সম্ভাবনাময় মানুষকে শিক্ষা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এই অনুদান তাদের দক্ষতা বিকাশ, লক্ষ্য অর্জন এবং নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে।
শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান বলেন, “শিক্ষা জীবন বদলে দেয়।” টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে তাদের অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি খাতের কার্যকর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, এবারের ৭৫ জনসহ কর্মসূচি শুরুর পর থেকে ৪ হাজার ৫০০-এর বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা হয়েছে।
শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের পথ তৈরি এবং ক্যানারি ওয়ার্ফের বাইরেও এর ইতিবাচক প্রভাব বিস্তারের ওপর গুরুত্ব দেন তিনি।
শিশু ও তরুণদের জন্যও বাড়ছে সহায়তা
উচ্চশিক্ষার পাশাপাশি শিশু ও তরুণদের শিক্ষাজীবনকে সহায়তা করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রয়েছে আরও বেশ কিছু আর্থিক সহায়তা কর্মসূচি।
গত বছর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের পরিবারের জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করে কাউন্সিল। এ বছর কর্মসূচিটি আরও সম্প্রসারিত করে ইয়ার ৩ ও ইয়ার ১০-এ ওঠা শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ, যারা প্রাথমিক ও মাধ্যমিক—উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিল চালু করেছে। এর ফলে পরিবারগুলো প্রতি শিশুর জন্য বছরে গড়ে প্রায় ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পারছে।
এ ছাড়া ইউনিভার্সিটি বার্সারির পাশাপাশি Education Maintenance Allowance (EMA) পুনরায় চালু করা একমাত্র কাউন্সিল হিসেবেও টাওয়ার হ্যামলেটস নিজেদের অবস্থান তৈরি করেছে। আগামী মাসের শেষ দিকে পরবর্তী পর্যায়ের তহবিলের জন্য আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের আর্থিক বাধা কমানোর পাশাপাশি একটি দক্ষ, আত্মনির্ভর ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

