জামায়াত সংসদে ‘যৌক্তিক বিরোধী দল’ হিসেবে ভূমিকা রাখতে চায় : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদের এলডি ভবনে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সংসদে একটি ‘যুক্তিসংগত ও যৌক্তিক বিরোধী দল’ হিসেবে ভূমিকা রাখতে চায়। বিরোধিতার জন্য বিরোধিতা করা জামায়াতের নীতি নয়। জামায়াত এমন আচরণ করবে না, যা সংসদকে জিম্মি করে বা সংসদের কার্যক্রমকে অচল করে দেয়।

এই মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াতের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতীতের উদাহরণ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে জনস্বার্থের বিষয়গুলোতে দৃঢ়তা দেখাবে। যুক্তিসংগত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কোনো অন্ধ বা ধ্বংসাত্মক বিরোধী দল হবে না।

জামায়াত নরম বা গরম কোনোটিই নয় উল্লেখ করে তিনি বলেন, অতীতে সংসদীয় রাজনীতিতে অন্যদের তীব্র বাদানুবাদ ও ফাইল ছোড়াছুড়ির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে বর্তমান বিরোধী দল। সংসদে জনগণের পক্ষে কথা বলার পাশাপাশি যদি জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হয়, তবে সংসদের বাইরেও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জুনের পরিবর্তে জানুয়ারি মাসে বাজেট ঘোষণা করা হলে রাষ্ট্রের অর্থের অপচয় রোধ সম্ভব এবং সংসদে এ বিষয়ে জামায়াত পুনরায় জোরালো বক্তব্য রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *