যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে, হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর পর পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘নিরাপত্তার আওতায় থাকা কোনো ব্যক্তি কিংবা কার্যক্রম এ ঘটনায় প্রভাবিত হয়নি’।
সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর, ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে। “সিক্রেট সার্ভিস পুলিশ পাল্টা গুলি চালায়, এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন,” বিবৃতিতে বলা হয়।
এতে জানানো হয় যে, কোনো কর্মকর্তা আহত হননি। ঘটনার সময় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করছিলেন, তবে কোনো নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তি বা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি। ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে যে, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তিনি হলেন একুশ বছর বয়সী নাসেয়ার বেস্ট। সূত্রটি আরও জানায়, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে এই ব্যক্তি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টার সময় তাকে আগে থেকেই মার্কিন সিক্রেট সার্ভিস গ্রেপ্তার করেছিল। বিবিসি

