গণবিরোধী বিলের দায় এড়াতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫৬মিনিটে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে গণবিরোধী বিল পাস হওয়ার দায় এড়াতে ওয়াক আউট করেছেন বলে জানালেন বিরোধী দলীয় নেতা।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

সরকারি দলের একতরফা আচরণে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এ জন্যই আমরা সংসদ থেকে ওয়াকাআউট করছি।

ডা. শফিকুর রহমান জানান, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিলসহ বেশ কয়েকটি প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারার ওপর তাদের আপত্তি রয়েছে।

বিরোধীদের এ পদক্ষেপের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় প্রথম ওয়াকআউট করেছিল বিরোধী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *