গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ তাণ্ডব ঘটেছে।’
ঘটনাটিকে রূপক অর্থে তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
তিনি আরও লেখেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চলমান পরিস্থিতির অবসানের প্রত্যাশাও ব্যক্ত করেন।

