গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকার শুধু মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও তিনি সরকারকে সতর্ক করেছেন।
আশিকুর রহমান আরো বলেছেন, সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে। তিনি আশা করেন, সরকার ব্যাংক রেজুলেশন পর্যালোচনা করবে। কারণ সরকার সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা হবে আত্মঘাতী।
পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তারের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে বলেন, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিদ্যুৎ ও গ্যাস পাওয়া যাবে কি না, তারা সে চিন্তা করছেন। এই সংকট মোকাবেলায় সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহবান জানান আইসিসিবি সভাপতি।
সেমিনারের সভাপতি পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার হরমুজ সংকটে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ পড়ছে, সে আলোকে বাস্তবতার নিরিখে সরকারকে বড় রকম সংস্কারের দিকে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সব কিছুর দামের ওপরে নেতিবাচক প্রভাবের বিষয়েও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

