ইরানে মার্কিন-ইসরাইলি বর্বরোচিত হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অসংখ্য নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে ব্যাপক বিক্ষোভ চলছে। সেখানে প্রতিবাদী জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ ২০২৬) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
করাচির মাই কলাচি রোডে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এই বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন।
করাচি সিভিল হাসপাতালের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ জানান, সংঘর্ষের পর ৯টি মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আজ সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের তেহরানে ‘রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।

