লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাতে পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে তাঁকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া কথোপকথনে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডের কাজের জন্য অর্থ দাবি করতে শোনা যায়। দলীয় একটি সূত্রের দাবি, এসব কাজের জন্য তিনি পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, ‘পাঁচ, পাঁচই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ।’
এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি লিখেছেন, তাঁর নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

