মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ (২০ আগস্ট ২০২৬) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তাঁর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালম ও অভিবাদন জানান।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সহ অন্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে আসলে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে এসে প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এ সময় একে একে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি করেন।
নতুন রাষ্ট্রপতি এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এ সময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয় বিকাল ৫টা ২ মিনিটে। ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। বাসস

