জাতীয় সংসদ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউট

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পরিপূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে সরকার আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগ এনে ওয়াকআউট করেছেন তারা।

আজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা আমীর জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দেশে নানা সমস্যা বিরাজ করছে। এসব নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেটার জবাব পাননি।

গণভোটের রায় বাস্তবায়ন না করার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ নির্বাচন অনুযায়ী, এর ফলাফল অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে; কিন্তু গণভোটের জন্য সংস্কার পরিষদের সে সভা আহ্বান করা হয়নি। গণভোটের রায় মানা তো হয়নি, উল্টো ১৩৩টা অধ্যাদেশের মধ্যে ২০টা ল্যাপস (বাতিল) করে দেওয়া হয়। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন- এসব মৌলিক বিষয় ছিল। এগুলো ঠিক না হলে ফ্যাসিবাদ থেকে দেশ মুক্তি পাবে না।

শফিকুর রহমান বলেন, ‘আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি, সেটাকেই চাপা দেওয়া হয়। তো আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো ও স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না, এই জন্য আমরা এখন আর এই আলোচনায় অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি।’ পরে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *