সাঈদ চৌধুরী
স্মৃতির পাতায় সোনালী দিন, হৃদয়ে শেকড়ের টান আর প্রিয় মুখগুলোর পুনর্মিলনের আবেগ উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল জগন্নাথপুর পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে এক ছাদের নিচে মিলিত হলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1449019297322497
১২ অক্টোবর সোমবার বিকেলে পূর্ব লন্ডনের প্লামট্রি হল মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য মিলনমেলা পরিণত হয় স্মৃতিচারণ, আনন্দ আর শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন উৎসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউণ্ডার প্রেসিডেন্ট ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের বর্তমান প্রেসিডেন্ট মহিব চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা আজিজুর রহমান দারা এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টিভি উপস্থাপক সাংবাদিক মিসবাহ জামাল।
অনুষ্ঠানের শুরুতে আয়োজক ও অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়, যাদের আন্তরিক প্রয়াশে শতবর্ষপূর্তি উৎসবে দেখা দিয়েছে প্রাণের উচ্ছ্বাস।

আয়োজক ও আলোচকদের মধ্যে উল্লেখেযাগ্য হচ্ছেন মহিব চৌধুরী, আজিজুর রহমান দারা, আলাউর রহমান, মোশাহিদ চৌধুরী গণি, কাউন্সিলার ফয়জুর রহমান, কুতুব উদ্দিন মাস্টার, দিলওয়ার হোসেন, ফারুক আহমদ, আব্দুল হান্নান, নুরুল হক দুলু, আমির হোসেন কাতল, শাহাব আলী, জুনু মিয়া, মাহমুদ আলী বকুল, মান্না রয়, শিশু মিয়া, আকবর হোসেন, মির্জা আখলকুর রহমান, আলতাফ সাইদ ও শাহজাহান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবী তফজ্জুল মিয়া, সাবেক স্পিকার কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার শাহ সানাওয়ার হোসাইন, সাবেক স্পিকার আহবাব হোসাইন প্রমুখ।
এরপর পাইলগাঁও এলাকার বিভিন্ন গ্রামের সেইসব মানুষদের একে একে মঞ্চে ডাকা হয়, যারা একসময় বিএন হাইস্কুলে পড়াশোনা করেছেন।
যুক্তরাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠী ও পরিচিতজনদের কাছে পেয়ে অনেকেই যেন ফিরে যান জীবনের সোনালী দিনগুলোতে।
অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী আলাউর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকবর হোসেন-সহ পরিচিত মুখগুলোর সরব উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বহু সফল ব্যবসায়ী ও পেশাজীবী অনুষ্ঠানে অংশ নেন। তাদের অনেকেরই শৈশব কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও প্রিয় শিক্ষকদের সাথে।
শতবর্ষপূর্তির এই মিলনমেলায় পাইলগাঁও বিএন হাইস্কুলকে কলেজে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উদযাপন কমিটির সভাপতি মহিব চৌধুরী হায়ার-এডুকেশনের জন্য একটি ট্রাস্ট করার আগ্রহ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাও বিশেষ গুরুত্ব পেয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে শতবর্ষের গৌরবময় ইতিহাস তুলে ধরে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়, যাদের ছায়ায় তারা পেয়েছেন শিক্ষা ও অনুপ্রেরণা এবং জীবনের পথ চলার নির্দেশনা।
শতবর্ষপূর্তির এই আয়োজন শুধু একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবছর উদযাপন নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর স্মৃতি, শিকড় ও আধ্যাত্মিক বন্ধনে নতুন করে জাগিয়ে তোলার এক আবেগঘন উপলক্ষ হয়ে ওঠে। অবশেষে সুস্বাদু খাবার আর রসঘন আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

