মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবিতে লন্ডনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1899884674535789

‘প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’-এর উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত এ সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে দীর্ঘদিনের দুর্ব্যবহার, হয়রানি, দীর্ঘসূত্রতা ও মালামাল চুরির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের আহ্বায়ক, লেখক ও সলিসিটর জহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার আদায়ের সংগ্রামী নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুব, সাংবাদিক নেতা অলিউল্লাহ নোমান, জুবায়ের আহমদ আহাদ-সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাঁদের শ্রম, ঘাম ও কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সচল রাখলেও দেশে ফিরলেই বিমানবন্দরে তাঁদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, লাগেজ নিয়ে অনিয়ম, মালামাল চুরি এবং দায়িত্বশীলদের অসহযোগিতার মতো অভিযোগ দীর্ঘদিনের।

তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিমানবন্দরের অনিয়ম ও প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়াই যদি অপরাধ হয়, তাহলে এটি শুধু একজন মুক্তিযোদ্ধা বা একজন সাবেক সংসদ সদস্যের ওপর অন্যায় নয়- এটি কোটি কোটি প্রবাসীর অধিকারের ওপর আঘাত।

বক্তারা অভিযোগ করেন, প্রবাসীদের ন্যায্য অধিকার ও বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ঢাকা বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে রেমিট্যান্স প্ররণ বন্ধ-সহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের বোঝা নন; তাঁরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাঁদের সঙ্গে কোনো ধরনের অপমান, হয়রানি কিংবা অন্যায় আচরণ বরদাশত করা হবে না। প্রবাসীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *