কোনো খরচ ছাড়াই সরকারিভাবে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিডিও লিংক :https://www.facebook.com/reel/1451745666779842
বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান প্রবাসী মন্ত্রী। বাসস
ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের পরিবারের দায়ের করা মামলার আসামী-সহ জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে নির্দেশ দেন। সেই সাথে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে বিদেশে যাওয়া প্রতিরোধ করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ প্রদান করেন তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেছেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আইএলও (ILO)-এর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহীদুল ইসলাম চৌধুরী। তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপ গমনের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাতে বাংলাদেশীদের অবৈধভাবে বিদেশ যাত্রা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে এবং স্থানীয় জনগণের সেবায় সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

