প্রবাসীদের ভোটাধিকার ও সংসদে প্রতিনিধিত্বসহ ৯ দফা দাবি ঘোষণা হবে ১৩ নভেম্বর

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রেস ব্রিফিং শুক্রবার সন্ধ্যা ৮টায়

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, জনপ্রতিনিধিত্ব, রাষ্ট্রীয় সেবায় কার্যকর অংশগ্রহণ, সম্পদের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নয় দফা দাবি ঘোষণা করতে যাচ্ছে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ।

আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৮টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিষদের পক্ষ থেকে এসব দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। ঘোষিতব্য দাবির মধ্যে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও ভোট প্রদানের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা, দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসীদের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি, প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বিমানবন্দর সমূহে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের বিষয় অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।

এ ছাড়া বিদেশে বিপদগ্রস্ত ও কারাবন্দি প্রবাসীদের আইনি ও কনস্যুলার সহায়তা প্রদান, বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবাসন, প্রবাসীদের ব্যাংক আমানত, বিনিয়োগ ও দেশে থাকা সম্পদের সুরক্ষা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী ও কার্যকর করার দাবিও রয়েছে।

পরিষদের মতে, প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, মেধা, পেশাগত দক্ষতা, বিনিয়োগ সক্ষমতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনাও বাংলাদেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই প্রবাসীদের কেবল রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে নয়, বরং সমান অধিকার সম্পন্ন নাগরিক, উন্নয়ন সহযোগী ও জাতি গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাবে পরিষদ। একই সঙ্গে নয় দফা দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত, সময়সীমাবদ্ধ ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে।

সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি জাজ মুহাম্মদ বেলায়েত হোসেইন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন সংগঠনের সর্বস্তরের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দকে আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠেয় প্রেস ব্রিফিংয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *