প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চার সদস্যের কমিটি

আন্তর্জাতিক বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের টোকিওর নারিতা-ঢাকা রুটের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর (বিজি ৩৭৭) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

সুত্র মতে, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর ১-এ ত্রুটি দেখা দেয়। এটি উড়োজাহাজের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের একটি অংশ। ত্রুটির কারণে স্পয়লারটি ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারের নির্দেশ অনুযায়ী কাজ করছিল না।

বিমানের প্রকৌশলী দল ও জাপানি টেকনিশিয়ানরা পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ করেন। পরে ত্রুটিযুক্ত স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করা হয় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়।

চার সদস্যের তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সভাপতি বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) ও সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক (আইনবিষয়ক)। সদস্য হলেন- চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

কমিটিকে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটন, ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা, ফ্লাইট বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি ও বিমানের ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদাননের কথা বলা হয়েছে।

কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লৈখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান। সফর শেষে বৃহস্পতিবার নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হয়। পরে মেরামত শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা একই উড়োজাহাজে দেশে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *