ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর আমন্ত্রণে অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।
এ অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর ঢাকাস্থ রাষ্ট্রদূত লুজিম পলনা-এর মাধ্যমে কসোভোর রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
মিয়া গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথিরা কসোভোর স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন।

