ইসলামী ব্যাংক দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না, বরং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
ভিডিও নিউজ:https://www.facebook.com/reel/3428587813983974
তিনি অভিযোগ করেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তবে, ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত এবং এই ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যেগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, প্রচার- মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, অধ্যাপক আনোয়ারুল করিম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দাবি করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশ এমনভাবে চলতে পারে না। একদল পালিয়ে গেছে পাশের দেশে, বাকি দল যাবে কোথায় এমন প্রশ্ন তোলেন। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে বলেন, জনগণের স্বার্থে জামায়াত শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করছে, করবে।
জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেন, গ্যাসের দাম ৬ থেকে ৭০০ টাকা বাড়িয়ে পরে ৫০ টাকা কমানো জাতির সঙ্গে তামাশার শামিল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

