রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও চিকিৎসককে হেনস্তা করার মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মানবিক চিকিৎসক খ্যাত ডা: কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন নামের ওই যুবদল নেতার বিরুদ্ধে। গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মঈনের নেতৃত্বে একদল লোক হাসপাতালে প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঈন দলবল নিয়ে ভেতরে ঢুকে হাসপাতালের কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন এবং জোরপূর্বক অপারেশন থিয়েটারে প্রবেশ করছে।
অধ্যাপক ডা. কামরুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মঈন এই হাসপাতালে নানারকম অপতৎপরতা চালিয়ে তাদের অতিষ্ঠ করে তুলেছে। তিনি স্থানীয় পুলিশ এবং বিএনপি নেতাদের কাছে সহযোগিতা চেয়েও কোনো রকম প্রতিকার পাননি। এই খবরে সরকারি দলের বিরুদ্ধে সারা দেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
অবশেষে আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে চাঁদাবাজদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে নড়াইল ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির মূলহোতা মঈনকে নড়াইল জেলার কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য আসামিদের মধ্যে রয়েছে ফালান মিয়া (৪২), রুবেল (৪২), স্বপন কাজী (৩৬) ও শাওন হোসেন (২৫)।

