মানবতাবিরোধী অপরাধের মামলায় দন্ডপ্রাপ্ত আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়তে এক ব্রিটিশ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন। গ্রায়েম এল. হল নামের এই আইনজীবী নিজের পেশাগত প্রোফাইল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেছেন।
রোববার (৩০ আগস্ট ২০২৬) আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে গ্রায়েম এল. হল আবেদন করেছেন। গত ১৪ আগস্ট কাউন্সিল সচিবের কাছে আবেদন করেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।

