সাংবাদিক হত্যা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ লেবাননের

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

দক্ষিণ লেবাননে বুধবার ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খালিল নিহত এবং আরেক সাংবাদিক আহত হওয়ার পর লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন ইসরায়েলের বিরুদ্ধে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল ও লেবানন আজ ওয়াশিংটনে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

লেবাননের কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক এক বিমান হামলায় তাদের সামনে থাকা একটি যানবাহন আঘাতপ্রাপ্ত হয়ে দুজন পুরুষ নিহত হন। এর পর আশ্রয়ের জন্য একটি বাড়িতে যাওয়ার সময় আমাল খালিল ও জেইনাব ফারাজকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়।

কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, তায়রি গ্রামে সাংবাদিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা একটি চিহ্নিত অ্যাম্বুলেন্সকেও ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

৪৩ বছর বয়সী আমাল খালিল লেবাননের দৈনিক আল-আখবার পত্রিকায় কাজ করতেন। তিনি এবং ফ্রিল্যান্স আলোকচিত্রী জেইনাব ফারাজ একসঙ্গেই ভ্রমণ করছিলেন। নিহত দুই ব্যক্তির নাম কর্মকর্তারা প্রকাশ করেননি।

আইডিএফ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা উদ্ধারকারীদের ওই এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছে না এবং সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়নি।

এদিকে, ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে এসব আলোচনায় অগ্রগতি আশা করা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এসব আলোচনা “ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের প্রত্যাহার নিশ্চিত করা, বন্দিদের ফেরত দেওয়া, আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন এবং এই যুদ্ধে ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্গঠন শুরু করার” লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

এর আগে প্রথম দফার আলোচনার পর ১৬ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *