শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিডিও নিউজ :https://www.facebook.com/reel/1723817048741360
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর আগে অতিথিদের আসন গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুমতিক্রমে পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেছেন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছন ৮৮ ভোট।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. মুহাম্মদ ইউনূস-সহ মন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য সাবেক রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজ অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এক অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন।”

আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা আরও বলেন, “আমরা স্মরণ করি, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
ডা. শফিকুর রহমান নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

