সাঈদ চৌধুরী
মহাকাশ থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনোর রহস্য উন্মোচনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে এবারের নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত ও গবেষণায় অসামান্য ভূমিকার জন্য তাকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে জন্মগ্রহণ করেন ফ্রান্সিস হ্যালজেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত। তার গবেষণা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় কণাগুলোর উৎস সম্পর্কে বিজ্ঞানীদের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করেছে।
নোবেল পুরস্কারের ইতিহাসে ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য, শান্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়ে আসছে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে।
একে একে ঘোষণা হচ্ছে নোবেলজয়ীদের নাম
নোবেল ঘোষণার এবারের সপ্তাহ শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার দিয়ে। সোমবার কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স নিয়ে তাদের গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে।
এরপর বুধবার ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ১২ অক্টোবর।
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। আর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হয় সুইডেনের স্টকহোম থেকে।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

