বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের নারী প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।
তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।
বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের বিভিন্ন কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও এ মতবিনিময় সভা দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করেছে।
সভায় ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার
একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।
সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।
সেমিনারে নারী নেতৃত্বের বিকাশ, শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম নারীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে নারীদের আরও কার্যকর অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন দেশের নারীসমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

