ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ-সহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে দফায় দফায় সভা হচ্ছে এবং জনগণের মধ্যে কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ হবে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন।

লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, কর্মসূচি নিয়ে গত ২৪ আগস্ট সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে লংমার্চের রুট, পথসভা এবং বিভিন্ন কর্মসূচির স্থান সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়েও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অপর অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল করতে পারে। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে, ইনশাআল্লাহ।” কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার-সহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *