কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদের জন্ম উৎসবের সূচনা পর্ব বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে লন্ডনে এমএইচ গ্লোবাল গ্রুপের সেন্ট ক্লেয়ার স্ট্রিট মিলনায়তনে (16 St Clare Street London EC3N 1LQ) মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। ভিডিও নিউজ: https://www.facebook.com/reel/1073394895011833

আল মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী জন্ম উৎসবের স্বাগত বক্তব্যে বলেন, ”বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা হয়ে জুলাই গণঅভ্যুত্থান- সমাজ বদলের সফল বিপ্লবে যার কবিতা মুক্তিকামী গণমানুষকে করেছে অনুপ্রাণিত। বাংলা সাহিত্য ও কবিতায় লোকজ ও গ্রামীণ শব্দের বুননশিল্পী কবি আল মাহমুদ নির্মাণ করেছেন এক মহিমান্বিত ঐশ্বর্যের মিনার। ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গীতে সমৃদ্ধ করেছেন। আমাদের কবিতায় যে ঐতিহ্য ও আধুনিকতার ঊণ্মেষ ঘটেছে- তিনিই তার নায়ক।”

অনুষ্ঠানে জানানো হয়, কবি আল মাহমুদের সাহিত্যকর্ম ও দেশজ ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দেবার ব্রত নিয়ে ‘আল মাহমুদ ফাউন্ডেশন’ ৯১ জন্ম বর্ষ থেকে শত বর্ষ উদযাপন পরিকল্পনা গ্রহন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে:
* কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদ শীর্ষক এওয়ার্ড চালু করা * কবিকে নিয়ে স্মৃতিচারণ * নিবেদিত কবিতা প্রতিয়োগিতা * কবির সাহিত্য ও দর্শনের ওপর আলোচনা ও গবেষণা * কবির আলোকচিত্র প্রদর্শনী ও প্রকাশনা

জন্ম উৎসবের প্রথম অনুষ্ঠানে চলতি বছরের (২০২৬) জন্য ‘কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদ’ এওয়ার্ডে মনোনীত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। গবেষক ও কবি ড. ফজলুল হক তুহিন, কবি ও কথাশিল্পী জাকির আবু জাফর, গীতিকার ও সুরকার শিল্পী সাইফুল্লাহ মানসুর এবং সাংস্কৃতিক সংগঠক শিল্পী নোমান আযমী সিলেক্ট কমিটির সর্ব সম্মতিক্রমে মনোনীত হয়েছেন।

বিলেতের লেখক-সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সমাজসেবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সহ আল মাহমুদ প্রেমী জনতার অংশগ্রহণে অনুষ্ঠানের শুরুতে কবি আল মাহমুদের ‘নোলক’ কবিতাটি গানে পরিবেশন করেন শিল্পী নোমান আযমী।

জন্ম উৎসবের আলোচনায় অংশ গ্রহন করেন খ্যাতিমান মাস্টার মেরিনার ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া, জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার এবং গ্লোবাল ট্রাভেলার বনি আমিন, খ্যাতিমান মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বদরুজ্জামান বাবুল, যুক্তরাজ্য হালাল ফুড অথরিটির চীফ ফাইন্যান্স অফিসার ও লেখক আকবর হোসেন,

সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স’র প্রেসিডেন্ট ব্যারিস্টার নুরুল গাফফার, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদুল করিম মোজাহিদ, অভিবাসন, আশ্রয় ও মানবাধিকার বিষয়ক আইনজীবী আব্দুর রউফ, সিভিল লিটিগেশন ও ইমিগ্রেশন আইনের সলিসিটর মোহাম্মদ ইকবাল, যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মাহবুব আলী খানশূর,

হবিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি, শিক্ষক ও সমাজসেবী আব্দুল হাই, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইউকের পরিচালক ব্যারিস্টার সাব্বির আহমদ, টিভি ২৪ বাংলার চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. মাসুদুর রহমান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন প্রতিষ্ঠান এমএইচ গ্লোবাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক সাঈদ চৌধুরী রচিত কবি আল মাহমুদকে নিবেদিত ‘রূপালী আলোয়’ কবিতা মুগ্ধতা ছড়ায়। এটি আবৃত্তি করেছেন কবি নাসির মাহমুদ।

