অবশেষে পদত্যাগের পথেই হাটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ভিডিও নিউজ: https://www.facebook.com/reel/959246936898061

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবশেষে পদত্যাগ করছেন স্যার কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের পর প্রায় ৯০ জন এমপি ও বেশ কয়েকজন মন্ত্রী তার পদত্যাগের দাবিতে সক্রিয় হয়েছেন।

প্রথম দিকে নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও শেষ পর্যন্ত পদত্যাগের পথেই হাটছেন বলে খবর দিয়েছে ডেইলি মেইল। সুনির্দিষ্ট সময়ে পদত্যাগ করবেন বলে ঘনিষ্ঠ মিত্রদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন লেবার পাটির এই নেতা।

মন্ত্রিসভার একজন সদস্যের বরাত দিয়ে ডেইলি মেইল আরো জানিয়েছে, প্রধানন্ত্রীর পদ ছাড়তে স্টারমার মনে মনে প্রস্তুত হচ্ছেন। বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা সহজ হবেনা বলেই শেষমেষ তিনি বুঝতে সক্ষম হয়েছেন।

নির্বাচনে দলের বিপর্যয়ের পর সাধারণ মানুষের পাশাপাশি দলেব ভেতর ক্রমবর্ধমান অসন্তোষের মুখে এমনটি ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সারা দেশে কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির ছাড়াও পিটার মেন্ডেলসনকে নিয়োগ নিয়ে বিতর্ক তাকে বেশ বেকায়দায় ফেলেছে। এছাড়াও শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সংশ্লিষ্টতার খবর প্রকাশ হওয়ায় কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

এ পর্যন্ত চারজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করার ফলে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় ধরনের সংকটে পড়েছে।

বৃহস্পতিবার স্ট্রিটিংয়ের পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা পরই লেবার পার্টির এমপি জশ সাইমন্স তাঁর সংসদ সদস্যপদ ছাড়ার ঘোষণা দেন। বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামকে পার্লামেন্টে ফিরে আসার সুযোগ করে দিতেই তার এই পদক্ষেপ, যাতে বার্নহাম স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্ট্রিটিং লিখেছেন, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর ‘আস্থা’ নেই। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসজুড়ে দলের পরাজয়ের পেছনে প্রধানমন্ত্রীর ‘অজনপ্রিয়তা’ই ‘প্রধান কারণ।

মাত্র দুই বছরের কম সময়ের মধ্যে টালমাটাল এই পরিস্থিতির কারণে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন হুমকির মুখে। ১৬ মে শনিবার স্ট্রিটিং লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।

ইউগভ ইউকের এক জরিপ মতে, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক এই প্রধানমন্ত্রীর ব্যাপারে ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন। ইউগভ বলেছে, স্টারমার যুক্তরাজ্যের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রী।

এদিকে আল জাজিরা জানিয়েছে, ব্রিটেনের পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবার জন্য প্রতিযোগিতা করবেন। আগামী তিন চার দিনের মধ্যে বিষয়টি খোলাসা হবে।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *