‘আমি অস্ট্রেলিয়ায় এসেছি ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের অ্যাডভোকেসি করতে’: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জন বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াত

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ায় এসেছি ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের অ্যাডভোকেসি করার জন্য।’

প্রবাসীদের অবদান শুধু আর্থিক রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজে লাগাতে চান আমীরে জামায়াত। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন নিজ দেশে ফিরে এসে অবদান রাখতে পারেন, সে জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে চান। আল্লাহ সুযোগ দিলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (২২ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময় : ভয়েস ফরম অস্ট্রেলিয়া’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান জাতি কখনো ভুলবে না। দেশের গণমাধ্যম যখন নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রবাসীরা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।

প্রবাসীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, যাঁদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, দেশে ফিরে তাঁদের অনেক সময় বিমানবন্দর-সহ বিভিন্ন স্থানে দুর্ব্যবহারের শিকার হতে হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তাঁরা অতীতেও সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে তাঁরা এর প্রতিবাদ জানাবেন।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাঁদের অনেকেই হাত-পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু মনোবল হারাননি।

তিনি বলেন, আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছিলাম, জাতির প্রয়োজনে তাঁরা আবারও লড়াই করতে পারবেন কি না। তাঁরা জানিয়েছেন, একটি পা হারিয়েছেন, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবেন। যাঁরা চোখ হারিয়েছেন, তাঁরাও অন্যের হাত ধরে হলেও দেশের প্রয়োজনে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন।

একজন মায়ের ১০ মাসের শিশুকে কোলে নিয়ে আন্দোলনে অংশ নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ওই মা বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এই মায়েরা, এই যোদ্ধারাই আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তাঁরা আবারও জেগে উঠবেন, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আন্দোলনের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদ-সহ অসংখ্য ছাত্র-জনতাই এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন; তাঁরা গোটা জাতির সম্পদ।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও তাঁরা কথা বলেছেন। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না।

তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে তাঁদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ কিংবা প্রলোভনে তাঁরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।

তরুণ প্রজন্মের নেতৃত্ব ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর তাঁরা বসবেন প্যাসেঞ্জার সিটে। প্রবীণরা তাঁদের সহযোগিতা করবেন।

তিনি জানান, তাঁদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। তাঁরা বিশ্বাস করেন, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজকে সমর্থন দেওয়া হবে। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করা হবে। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি’র নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাঁদের বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *