ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, ঘটনাস্থলে সেনাবাহিনী

সাম্প্রতিক
শেয়ার করুন

অরাজকতার আগুনে আতঙ্কিত জনপদ | রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়ি খাগড়াছড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিহিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের খোঁজখবর নেন। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাদিক কায়েম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি লিখেছেন, আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।

রাতের আঁধারে কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানিয়ে সাদিক কায়েম লিখেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

খাগড়াছড়ি সদর থানার ওসি জানিয়েছেন, বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

এলাকাবাসী তাদের প্রতিক্রিয়ায় জানান, একটি বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা মানে শুধু একটি পরিবারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন, সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসনের প্রতিও সরাসরি আঘাত। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আদর্শের সংঘাত থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতাও থাকতে পারে। কিন্তু প্রতিপক্ষের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, নিরীহ পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করা কিংবা ভয়ভীতি সৃষ্টি করার গ্রহণযোগ্যতা কোনো সভ্য সমাজে নেই।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে লিখেছেন, আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত।

দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে আমীরে জামায়াত লিখেন, অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। পতিত ফ্যাসিস্টরা একটার পর একটা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *