|| সাঈদ চৌধুরী ||
৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা, রাজধানী ঘিরে নাশকতার ছক! প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ঐক্যের বার্তা | সাঈদ খোকন-নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, কঠোর অবস্থানে সরকার
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার মেঘ। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে সংঘাত ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। দেশের বাইরে অবস্থানরত নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এসব ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রশ্ন উঠেছে, এটি কি কেবল রাজনৈতিক কর্মসূচির চাপ সৃষ্টি, নাকি এর আড়ালে রাজধানীকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা?
গোয়েন্দা সূত্র, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের বরাত দিয়ে পাওয়া তথ্য বলছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর জুড়ে রাজধানী-সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক সশস্ত্র জমায়েত, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে। যদিও এসব পরিকল্পনার তথ্য এখনো তদন্ত ও গোয়েন্দা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এর মধ্যেই বিদেশে অবস্থানরত নেতাদের ঘোষিত কর্মসূচি, ইউকে ও আমেরিকা-সহ প্রবাসে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুস এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশের ভেতরে বিচ্ছিন্ন সহিংস ঘটনার অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহেও দলটির পক্ষ থেকে ধর্মঘট ও লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এবার ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতিকে জটিল সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে। বিশেষ করে রাজধানীতে আকস্মিক সশস্ত্র জমায়েত ও যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্য ও তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা বিশ্লেষণ করলে তিনটি সম্ভাব্য ক্ষেত্র সামনে আসে।
প্রথমত: রাজধানীকে ঘিরে জনসমাগম ও যোগাযোগ ব্যবস্থায় চাপ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি অংশে আকস্মিক জমায়েতের আশঙ্কা রয়েছে। এরপর রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয়ত: গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ। সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে তদন্ত সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বাস, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তৃতীয়ত: বিচ্ছিন্ন জমায়েত ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীলতা। রাজধানীর একাধিক স্থানে ঝটিকা মিছিল, আকস্মিক সশস্ত্র জমায়েত এবং সড়কে প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কা রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং যানবাহনে অগ্নিসংযোগের পরিস্থিতি তৈরি হতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য যাচাই করছে।
এক্ষেত্রে, গত ১৪ দিনে অর্ধশতাধিক যানবাহনে আগুন, শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে বিভিন্ন বিশ্লষণে ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা বিশদ আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তারের কথাও উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে শতাধিক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যের মোবাইল থেকে বহু তথ্য মিলেছে বলে সরকারি দলের নেতারা দাবি করছেন।
সর্বশেষ শ্যামলী মোড়ের চেকপোস্ট থেকে চারটি তাজা ককটেল-সহ রাসেল নামে একজনকে আটক এবং লালবাগ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্যও উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোনের বিভিন্ন গ্রুপের তথ্য থেকে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসনিক ভবন ও পুলিশি স্থাপনায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, টহল, তল্লাশি, অভিযান এবং পোশাকি পুলিশের উপস্থিতি বাড়ানো হচ্ছে। থানাগুলোতে সতর্কতামূলক বার্তা পাঠানোর কথাও জানা গেছে।
দেশের চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে দুই নেতার বিশেষ আলোচনায়। বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে এসেছে।

এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ-সহ দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীজুড়ে ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হচ্ছে।

অন্যদিকে, সহিংসতাকবলিত গোপালগঞ্জের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে ২০ নভেম্বর সেখানে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ চার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তাঁরা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন এবং মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকও করেন।
এই দুটি ঘটনা বর্তমান পরিস্থিতির দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। একদিকে রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে সহিংসতা মোকাবিলায় সমন্বয়ের বার্তা, অন্যদিকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার। অর্থাৎ, পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ও প্রশাসনিক দুই পর্যায়েই উদ্যোগ দৃশ্যমান হচ্ছে।
তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়াই এখন পুলিশের প্রধান লক্ষ্য।
সব মিলিয়ে ২৯ ও ৩০ নভেম্বরের ঘোষিত লকডাউন এবং পরবর্তী ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। রাজনৈতিক নেতৃত্বের ঐকমত্যের উদ্যোগ কতটা কার্যকর হয় এবং মাঠপর্যায়ে নিরাপত্তা বাহিনী কতটা পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে দেশের স্থিতিশীলতা। শেষ পর্যন্ত রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা— রাজনৈতিক সংঘাতের মূল্য যেন সাধারণ মানুষকে জীবন, জীবিকা ও নিরাপত্তা দিয়ে দিতে না হয়।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

