একেএম বদরুদ্দোজার সম্মানে ফুলমেলা ইউকের আনন্দমেলা

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ফুলকুঁড়ি আসরের সাবেক কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বর্তমান উপদেষ্টা, খ্যাতিমান আইনজীবী, লেখক ও গবেষক অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজার যুক্তরাজ্য সফর উপলক্ষে ফুলমেলা ইউকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা পরিণত হয় আনন্দমেলায়। আলোচনা, গান ও নাট্যধর্মী পরিবেশনায় অনুষ্ঠানটিতে প্রাণের সঞ্চার করেন দেশের বরেণ্য শিশু সংগঠক, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা।

ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/2545288322647999

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ফিল্ডগেট স্ট্রিটের মায়েদাহ গ্রিল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফুলমেলা ইউকের সদস্য, ফুলকুঁড়ি আসরের সাবেক সংগঠক, শুভাকাঙ্ক্ষী এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসরের সাবেক কেন্দ্রীয় প্রধান পরিচালক আশফাকুল মাওলা প্রোটন। সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় প্রধান পরিচালক ডা. মাসুদুর রহমান রাজু। ফুলকুঁড়ি আসরের বিভিন্ন শাখার সাবেক সংগঠকরাও মতবিনিময়ে অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি ও ভাবনা তুলে ধরেন। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ফুলকুঁড়ি সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মৃতিময়।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব এবং নতুন প্রজন্মকে ইতিবাচক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক ফুলকুঁড়ি সংগঠকরাও আলোচনায় অংশ নেন। তাঁরা প্রবাসজীবনের অভিজ্ঞতা, ফুলকুঁড়ির সঙ্গে কাটানো সময়ের স্মৃতি এবং দেশ ও নতুন প্রজন্মকে ঘিরে তাঁদের ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সবার প্রিয় ঐতিহাসিক গান “পাখির যুদ্ধ” অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজার কণ্ঠে বিশেষ আবেগ ও মুগ্ধতা ছড়ায়। উপস্থিত সবাই তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানে অংশ নেন। মুহূর্তেই পুরো মিলনায়তন যেন ফিরে যায় ফুলকুঁড়ির সঙ্গে কাটানো সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে। গান, স্মৃতি ও আবেগে তৈরি হয় এক অনন্য আবহ। এভাবেই আনন্দঘন পরিবেশে শেষ হয় ফুলমেলা ইউকের ব্যতিক্রমী আয়োজন।

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”— ফুলকুঁড়ির চিরচেনা এই স্লোগানকে ধারণ করে ফুলমেলা ইউকের মূলমন্ত্র “নিজেকে গড়ো”। যুক্তরাজ্যপ্রবাসী সাবেক ফুলকুঁড়ি সদস্যরা ব্যক্তি গঠনের মাধ্যমে খেলাধুলা, সামাজিক সম্পৃক্ততা এবং নতুন প্রজন্মের ইতিবাচক বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফুলমেলা ইউকের পক্ষ থেকে অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। ফুলকুঁড়ির জন্য দীর্ঘদিন ধরে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফুলমেলা ইউকে ভবিষ্যতেও সাবেক সংগঠক ও নতুন প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা, স্মৃতি ও মূল্যবোধের সেতুবন্ধন তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

ফুলকুঁড়ি আসর বাংলাদেশে সরকারি নিবন্ধিত একটি জাতীয় শিশু-কিশোর সংগঠন, যা দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী স্কুলগামী শিশু-কিশোরদের বিকাশে কাজ করে।

উল্লেখ্য, ফুলমেলা ইউকের উপদেষ্টা কমিটিতে রয়েছেন: চেয়ার- আশফাকুল মাওলা প্রোটন, ভাইস চেয়ার- ডা. মাসুদুর রহমান রাজু, অর্থ উপদেষ্টা- মাওলানা আনোয়ার হোসাইন, পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা- জহির আহমদ।

নির্বাহী কমিটিতে আছেন: পরিচালক- রহমত আলী, সহকারী পরিচালক- হেলাল আহমেদ, অর্থ সম্পাদক- আলাউদ্দিন সবুজ, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক- মনজুর হক, অফিস সম্পাদক- আবুল হাশেম, খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক- মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক- সাইদুল ইসলাম।

নির্বাহী কমিটির সদস্য: মনিরুল হক, শেখ হাফিজ মাকসুদ এলাহি সাবির, আনহার চৌধুরী, কামরুল আহসান, সাইফুল্লাহ, সিরাজুম মুনীর, দিদারুল ইসলাম, সাব্বির আহমদ, মোহাম্মদ ইসমাইল।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *